জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে পৌঁছেই স্বপ্নটা ভেঙে গেল। শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এই হারের ফলে আগামী বছরের উইমেনস জুনিয়র হকি বিশ্বকাপে সরাসরি খেলার আশা হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করতে বাংলাদেশকে অন্তত সেমিফাইনালে পৌঁছাতে হতো। কিন্তু আজ চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে সেই স্বপ্নটা চুরমার হয়েছে জাপানের কাছে হেরে।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ওপর চাপ সৃষ্টি করে খেলে শক্তিমত্তায় এগিয়ে থাকা জাপান। ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে নেন জাপানের হিরাই ইয়োশিনো। পিছিয়ে পড়ার পর তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ভালো দুটি আক্রমণ থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও জাপানের রক্ষণভাগ ভেদ করতে পারেনি দল। উল্টো শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।
অথচ আসরের গ্রুপ পর্বে দুর্দান্ত দাপট দেখিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে উঠে এসেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছিল আরিফ আলীর শিষ্যরা। প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল তারা। তবে নকআউট পর্বের প্রথম পরীক্ষাতেই শক্তিশালী জাপানের বাধা আর অতিক্রম করতে পারল না দেশের মেয়েরা।
সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে বাংলাদেশের খেলা এখনই শেষ হচ্ছে না। আগামীকাল শনিবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালে হারা দলটি।