ইউরোপে চলছে এখন শীতকালীন ক্লাব বদল পর্ব। এই উইন্ডোতে ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটির সম্পর্ক চুকিয়ে ফেলছেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডে নতুন ঠিকানা গড়তে যাচ্ছেন।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ ইএফএল চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী তারকা এ ফুটবলার। বাংলাদেশের এ ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে এমন খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। দুই পক্ষের মধ্যে চুক্তিটা চূড়ান্ত হওয়ার পথে।
এখন অপেক্ষা কেবল হামজা ধারে যাচ্ছেন নাকি বাল্যকালের ক্লাবটি পুরোপুরি ছেড়ে দিচ্ছেন, সেটা জানার। ঠিকানা পাল্টালেও ইংলিশ ফুটবলকে গুডবাই বলছেন না হামজা। অনেক দিন ধরেই দ্য ব্লেডস শিবিরের নজরে ছিলেন। হামজাকে দলে টানতে মরিয়া হয়ে আছে গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়া ক্লাব শেফিল্ড।
এফএ কাপে পুঁচকে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে খেলার সুযোগ পাননি হামজা। দর্শকের ভুমিকায় থেকে গরম করে গেছেন কেবল সাইডবেঞ্চ। জানা গেছে, এ সপ্তাহের মধ্যেই শেফিল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে লেস্টার সিটি।
এ কারণেই মাঠে নামিয়ে বাংলাদেশের তারকা এ ফুটবলারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি ক্লাবটি। তবে গোল উৎসবের ম্যাচে লেস্টার জয় পেয়েছে ৬-২ গোলের বড় ব্যবধানে। বলতে গেলে লেস্টারে মাঠে নামার সুযোগই পাচ্ছেন না হামজা।
ক্লাব বদলে ফেললে শেফিল্ডের জার্সিতে হয়তো নিয়মিত খেলার সুযোগ পাবেন। এ কারণে প্রিমিয়ার লিগ ছাড়লেও বরং খুশিই হবে তার ভক্তরা।