শেষ টেস্টে বড় জয়
মুলতানে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে পাকিস্তানকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে সাদা পোশাকের ম্যাচ জয়ের অপেক্ষা ফুরাল ক্যারিবিয়ানদের। এর আগে সবশেষ ১৯৯০ সালের নভেম্বরে এশিয়ান দেশটিতে টেস্ট জেতে তারা।
জয়ের মঞ্চটা তৈরিই ছিল ওয়েস্ট ইন্ডিজের। মুলতান ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে ২৫৪ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৭৬ রান করে স্বাগতিকরা। জয়ের জন্য তাদের দরকার ছিল আরও ১৭৮ রান।
মুলতানের স্পিনিং ট্র্যাকে এই চ্যালেঞ্জে জয়ী হতে পারেনি পাকিস্তান। তৃতীয় দিনের শুরুতে ৫৭ রান করতেই বাকি ৬ উইকেট হারায়। ১৩৩ রানে অলআউট হয় তারা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন বাবর আজম।
মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ২৫ রান। ২৭ রানে ৫ উইকেট নেন জোমেল ওয়ারিকান। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে তার শিকার ৯ উইকেট। এছাড়া দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে করেন ৫৪ রান। ম্যাচ ও সিরিজসেরা পুরস্কার জিতেছেন এই স্পিনার। এর আগে প্রথম টেস্টে জয় পায় পাকিস্তান। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ানোয় ১-১ সমতায় সিরিজ শেষ করল দুদল।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৬৩/১০ (৪১.১ ওভার); গুদাকেশ মোতি ৫৫, জোমেল ওয়ারিকান ৩৬; নোমান আলি ৬/৪১
পাকিস্তান প্রথম ইনিংস: ১৫৪/১০ (৪৭ ওভার); মোহাম্মদ রিজওয়ান ৪৯, সৌদ শাকিল ৩২; ওয়ারিকান ৪/৪৩
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২৪৪/১০ (৬৬.১ ওভার); ক্রেইগ ব্রাথওয়েট ৫২, টেভিন ইমলাছ ৩৫; সাজিদ খান ৪/৭৬
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৩৩/১০ (৪৪ ওভার); বাবর ৩১, রিজওয়ান ২৫; ওয়ারিকান ৫/২৭
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী