অস্ট্রেলিয়ান ওপেন
কোর্টের লড়াইয়ে জানিক সিনারই ছিলেন ফেভারিট। ফাইনাল শেষে শেষ হাসিটা হাসলেন এই ইতালিয়ানই। আলেকজান্ডার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-৩ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ফের চ্যাম্পিয়ন হয়েছেন এ শীর্ষ বাছাই। এ নিয়ে মেলবোর্নে সিনার জিতলেন টানা দুই শিরোপা। আর সব মিলিয়ে ক্যারিয়ারে এটি তার তৃতীয় মেজর ট্রফি।
রড লেভার এরেনার ফাইনালে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই খেলেছেন সিনার। কোর্টের শত্রুকে কোনো রকম পাত্তা না দিয়ে প্রথম সেট জিতে যান ৬-৩ গেমে। কিন্তু পুরো লড়াইয়ে এককভাবে প্রতাপ দেখিয়ে খেলতে পারেননি। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান দ্বিতীয় বাছাই জভেরেভ। সেটটি ৬-৭ গেমে করে ফেলেন টাই। কিন্তু টাইব্রেকারে ফের জ্বলে উঠে ওঠেন সিনার।
৭-৪ ব্যবধানে গেমে জিতে ২-০ সেটে এগিয়ে যান এ ইতালিয়ান। তৃতীয় সেটে নিজেকে আর মেলে ধরতে পারেননি জার্মান তারকা জভেরেভ। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে এবারও দাপট দেখান সিনার। শেষ সেট ৬-৩ গেমে জিতে, ফাইনাল ম্যাচের সঙ্গে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বও নিজের করে নিলেন ২৩ বছরের এ খেলোয়াড়।