খুলনাও পারিশ্রমিকের নিয়ম মানেনি
বিপিএলের দলগুলো এবার যেন নেমেছে পারিশ্রমিক নিয়ে ঝামেলা করার মিশনে। দূর্বার রাজশাহী-চিটাগং কিংসের পর পারিশ্রমিক নিয়ে নিয়ম না মানার অভিযোগ উঠেছে খুলনা টাইগার্সের বিরুদ্ধে। আজ বুধবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান দলটির অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আপাতত বিষয়টি নিয়ে অসন্তুষ্টি নেই তার মধ্যে।
বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক পেয়ে যাওয়ার কথা। তবে খুলনা টাইগার্সের ক্রিকেটাররা এখন পর্যন্ত পেয়েছে ৪০ শতাংশ পারিশ্রমিক। তবে এটা নিয়ে আপাতত অসন্তুষ্টি কাজ করছে না দলটির ক্রিকেটারদের মধ্যে। তাদের আশা আগামী কয়েকদিনের পর বাকি ৩৫ শতাংশ পারিশ্রমিক পেয়ে যাবেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমাদের আলহামদুলিল্লাহ ইতোমধ্যে ৪০ শতাংশ পেমেন্ট করে দিয়েছে। আর আমার সঙ্গে ইকবাল ভাইর (দলের কর্ণধার ইকবাল আল মাহমুদ) সঙ্গে কথা হয়েছে, এই সপ্তাহের মধ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ পেমেন্ট করে দেবে। প্রায় তো ৭০ শতাংশের কাছাকাছি পেমেন্ট পেয়ে যাব।’
দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে এমন জটিলতার সৃষ্টি হয়েছে বলেও মনে করেন মিরাজ। তার কথায়, ‘এই বছর পরিস্থিতি ভিন্ন হয়েছে। দেখেন, এর আগে কখনই এমন হয়নি (পারিশ্রমিক নিয়ে এত জটিলতা)। এবারই এমন হয়েছে। সবাই যদি চিন্তা করে যে আমাদের দেশ স্থিতিশীল না এজন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমার মনে হয় এখানে টুর্নামেন্টটা যারা চালাচ্ছে, দায়িত্বে আছে তারা এটা নিয়ে কাজ করবে। খেলোয়াড়দের সঙ্গে থাকবে আমার মনে হয়।’