বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ হতে চলেছে। এমন সময় এসে তরুণ পেসার মুশফিক হাসানকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। ফ্রাঞ্চাইজিটির ম্যানেজমেন্ট থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইনজুরির কারণে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না মুশফিক। চিকিৎসা এবং পুনর্বাসন শেষে এখন খেলার জন্য ফিট ২২ বছর বয়সী এই বোলার। বুধবার (২৯ জানুয়ারি) খুলনা শিবিরে যোগ দিয়েছেন তিনি।
মুশফিকের জন্য বিপিএল খেলার অভিজ্ঞতা নতুন নয়। কুড়ি ওভারের টুর্নামেন্টটির গত আসরেও খেলতে দেখা গেছে তাকে। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে ৫ ম্যাচে বল হাতে নেন ৭ উইকেট। এবার গুরুত্বপূর্ণ সময়ে খুলনার জন্য নিজের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ তার সামনে।
বিপিএলে খুলনার অবস্থা ভালো না। ইতোমধ্যে ১০ ম্যাচ মাঠে নেমেছে মেহেদি হাসান মিরাজের দল। যেখানে তাদের জয় মাত্র ৪টি। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে খুলনা। প্লে অফে যেতে চাইলে তাই নিজেদের শেষ ম্যাচ দুটিতে জিততেই হবে তাদের।