আগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে হোঁচট খেয়েছিল লিভারপুল। দ্য রেড শিবিরের হাত থেকে মূল্যবান একটি পয়েন্ট কেড়ে নিয়েছে নটিংহ্যাম ফোরেস্ট। তাতেই তালিকার সবার ওপরে থাকা কোচ আর্নে স্লটের ক্লাব থেকে পয়েন্ট ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্সেনাল।
মাঠের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সেই সুযোগটা কাজে লাগিয়েছে গানাররা। টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে ধরাশায়ী করেছে আর্সেনাল। দারুণ এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দুইয়ে উঠেছে কাই হাভার্টজরা।
নর্থ লন্ডন ডার্বিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুলকে ছুঁতে এখন কোচ মিকেল আর্তেতার ক্লাবের দরকার মাত্র ৪ পয়েন্ট। তবে অ্যানফিল্ড শিবির থেকে ম্যাচ একটি বেশি খেলেছে আর্সেনাল।
বুধবার রাতে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ডেডলক ভাঙে টটেনহাম হটস্পার। লড়াইয়ের ২৫ মিনিটে সন হিউং-মিন এগিয়ে দেন স্পারদের। গোল হজম করেই প্রত্যাবর্তনের গল্প লেখে আর্সেনাল। তবে সমতায় ফিরতে তাদের লেগেছে মাত্র ১৫ মিনিট। ডমিনিক সোলাঙ্কির আত্মঘাতী গোলে স্কোর লেভেল করে তারা। বিরতিতে যাওয়ার এক মিনিটে আগে লিয়ান্দ্রো তোসারের গোলেই ২-১ ব্যবধানে লিড নিয়ে ফেলে আর্সেনাল। আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় ছিনিয়ে নেয় ইংলিশ জায়ান্টটি।
২১ ম্যাচ খেলে ১২ জয়ে আর্সেনালের পুঁজি দাঁড়িয়েছে ৪৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ এখন ৪৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে নটিংহাম ফরেস্ট।
রোববার রাতে এফএ কাপ জয়ের লড়াই থেকে ছিটকে গেছে আর্সেনাল। টাইব্রেকার ৫ (১-১) ৩ জিতে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে তাদের বিদায় করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগের ম্যাচে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে নিজেদের আগের ম্যাচে ব্রাইটন ও হোভ অ্যালবিয়নের সঙ্গে ১-১ গোলে হোঁচট খেয়েছিল ইনজুরির কারণে ছোটখাটো ‘হাসপাতাল’ বনে যাওয়া আর্সেনাল।
এফএ কাপের শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে একটু আগেভাগে। এক ড্র আর দুই হারের বৃত্ত ভেঙে এ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে আর্সেনাল। খারাপ সময় পেছনে ফেলে ফিরেছেন তারা জয়ের ছন্দে। তারপরও যেন খুশি নন ডেকলান রাইস। আর্সেনালের মাঝ-মাঠের এ খেলোয়াড়ের কণ্ঠে ঝরছে ১০ গোল করতে না পারার আক্ষেপ, ‘প্রথমার্ধে প্রথম মিনিট থেকেই আমরা আধিপত্য দেখিয়েছি। আমরা কী চাই, সেটি মাঠের খেলাতেই বোঝা গেছে। দুর্ভাগ্য, আমরা ১০ গোল করতে পারিনি। আমার এমনই মনে হচ্ছে।’
টটেনহ্যামের বিপক্ষে দলের ফুটবলারদের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ আর্তেতা, ‘আমরা চমৎকার খেলেছি। টানা দুই ম্যাচে ভালো খেলার পুরস্কার পাইনি আমরা, তাই ম্যাচটি আমাদের জন্য বড় পরীক্ষাই ছিল। ইউনাইটেডের বিপক্ষে আগের ম্যাচে অবিশ্বাস্য রকম ভালো খেলার পরও কীভাবে যেন হেরে গিয়েছিলাম।’ ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের সেই ম্যাচে নিজেদের পারফরম্যান্সই ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়েছে বলে বিশ্বাস আর্তেতার। লিগ শিরোপা জয়ের দৌড়ে আর্সেনাল কি এখনো টিকে আছে? উত্তরে আত্মবিশ্বাসী আর্তেতা বলেন, ‘অবশ্যই, কারণ, এখনো লিগের অনেক কিছুই বাকি। আমরা দেখছি, সব দলের জন্যই জেতা কতটা কঠিন।’