চার ক্লাবের মালিকানা দ্বন্দ্ব মেটাতে সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে প্রধান করে একটি ট্রাইব্যুনাল গঠন করেছে বিসিবি। গত পরশু সেখানে চার ক্লাবের মালিকানা দাবি করা তানভীর আহমেদ ও প্যাট্রন দাবি করা লোকমান হোসেন ভূঁইয়ার বক্তব্য শোনার কথা ছিল ট্রাইব্যুনালের। তবে তানভীর আহমেদ উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালে কেন উপস্থিত হতে পারেননি তানভীর? এই প্রশ্ন জাগতেই তিনি জানান, অপহরণের শিকার হয়েছিলেন তিনি। তার দাবি লোকমান হোসেন ভূঁইয়ার লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছে।
গত পরশু গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি অফিসে বসেছিল ট্রাইব্যুনালের এই কার্যক্রম। বেলা ৩টা থেকে বক্তব্য শোনার কথা ছিল ট্রাইব্যুনালের। নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হয় দুই পক্ষ। বেলা ২টা ৪০ মিনিটের দিকে বিসিবি অফিস থেকে তাকে তুলে নেওয়া যাওয়ার অভিযোগ করেন তানভীর আহমেদ। তিনি জানান, অস্ত্রের মুখে তাকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন লোক তাকে ধাক্কা দিয়ে জোর করে বিসিবি অফিস থেকে নিয়ে যাচ্ছে। তবে কে বা কারা তাকে নিচে নামিয়ে যাচ্ছে তা জানা যায়নি। তানভীরের দাবি, লোকমান হোসেন ভূঁইয়ার লোকজন তাকে তুলে নিয়ে যায়। তিনি আরো দাবি করেন, নাভানা টাওয়ারের নিচে থাকা বোরহানুল হোসেন পাপ্পু ছিলেন।
ঘটনার দিন সেখানে উপস্থিত থাকা সিসিডিএম কর্মকর্তা সাব্বির আহমেদ রুবেল আমার দেশকে বলেন, ‘তানভীরকে নিচে নামিয়ে যাচ্ছে সেটা আমি দেখেছি। তবে কে বা কারা তাকে নিচে নামিয়ে গেছে সেটা জানি না।’ তিনি আরো বলেন, ‘ঘটনাটি সর্বোচ্চ ৩-৪ মিনিটের মধ্যে হয়েছে।’ নাভানা টাওয়ার থেকে নিয়ে যাওয়ার ৪০-৪৫ মিনিট পর তাকে তিতুমীর কলেজের সামনে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তানভীর আহমেদ। এই ঘটনার পর বিসিবি কার্যালয়ে নিরাপত্তা দিতে আসে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের নিরাপত্তা হেফাজতে ছিলেন তানভীর। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর তাকে ছেড়ে দেয় পুলিশ।
অপহরণের শিকার হওয়ার দাবি করা তানভীর জানান, তিনি যেন শুনানিতে অংশ না নেন সেজন্য তাকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি পরিবারের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে।