জাপান বিমানবন্দরে ধরা খেল পাকিস্তান ফুটবল দলের আদলে মানবপাচার চক্র। পাকিস্তান থেকে ফুটবল খেলোয়াড় সাজিয়ে ২২ জনকে জাপানে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করছিল একটি চক্র। তবে নথি জাল প্রমাণিত হওয়ায় তাদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। এদের প্রত্যেককে ৪০ লাখ রুপির বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানায়, মানব পাচারের উদ্দেশ্যে ফুটবলকে ব্যবহার করতে চেয়েছিল চক্রটি। এফআইএ’র বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও নিউজসহ শীর্ষ গণমাধ্যমগুলো।
এফআইএ আরও জানায়, মানব পাচার চক্রের মূলহোতা মালিক ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে একটি ভুয়া ক্লাব নিবন্ধন করেছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই পদ্ধতিতে ১৭ জনকে জাপানে পাঠানো হয়েছিল।