অস্ট্রেলিয়ার বোলারদের দাপট
দ্বিতীয় টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়ার বোলাররা। মিচেল স্টার্ক, নাথান লায়নদের বোলিং তোপে পড়ে প্রথম দিনের খেলা শেষে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২২৯ রান তোলেছে স্বাগতিকরা। অলআউটের খুব কাছে থাকা লঙ্কানদের ভরসা এখন কুশল মেন্ডিস।
গলে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। যদিও ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ২৩ রানে পাথুম নিশাঙ্কাকে বোল্ড করেন নাথান লায়ন। ফেরার আগে ১১ রান করেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্দিমাল। ব্যক্তিগত ৩৬ রানে লায়নের দ্বিতীয় শিকারে পরিণত হন বিদায়ী টেস্ট খেলতে নামা করুনারত্নে। ৯৩ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।
সেখান থেকে দলীয় ১৫০ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। আউট হওয়া প্রথম ৬ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ৭৪ রান করেন চান্দিমাল। এরপর রমেশ মেন্ডিসকে নিয়ে প্রতিরোধ গড়েন কুশল। ক্রিজে থিতু হয়েও ২৮ রানের বেশি করতে পারেননি রমেশ। তাতেই কুশলের সঙ্গে তার ৬৫ রানের জুটি ভাঙে। অল্প সময়ের মধ্যে প্রবাথ জয়সুরিয়া ও নিশান পেইরিসকে হারায় শ্রীলঙ্কা। সঙ্গী হারালেও টিকে আছেন ৭ নম্বরে ব্যাট করতে নামা কুশল। ৫৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তিনি। শেষ উইকেটে তার সঙ্গী লাহিরু কুমারা। ১২ বল মোকাবেলা করলেও এখনও রানের খাতা খুলতে পারেননি এই বোলার।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে বেশি দাপট দেখান মিচেল স্টার্ক। ৩৭ রানে ৩ উইকেট নেন এই বাঁহাতি পেসার। সমান ৩ উইকেট নিতে ৭৮ রান খরচ করেন লায়ন। এছাড়া ম্যাথু কুনেম্যানের শিকার ২ উইকেট।