৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারী এককে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন জেলে-কন্যা লিকা পোদ্দার। আর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন রাজিন আহমেদ। আজ পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ স্টেডিয়ামে উপভোগ্য এক ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন উর্মি আক্তারকে ২২-২০, ১১-২১, ২১-১৮ পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসলেন বাগেরহাটের মেয়ে লিকা। মৎস্যজীবী পরিবারে বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এই শাটলার উঠে এসেছেন দীর্ঘ সংগ্রাম ও কষ্টের পথ পাড়ি দিয়ে। আর্থিক সংকটের সময়ে তিনি পাশে পান ‘এলোরা শাটলিন একাডেমি’ ও কাওসাকি ব্র্যান্ডের। তাদের পৃষ্ঠপোষকতায় এতদূর আসা লিকার। তিনি এখন ছুটতে চান আপন গতিতে। লিকা বলেন, ‘পাঁচ বছরের সিনিয়র ক্যারিয়ারের এই প্রথম ফাইনালে এসে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না আমি। শতভাগ পরিশ্রম ও আত্মবিশ্বাসকে পুঁজি করে আগামী দিনেও শিরোপা ধরে রাখতে চাই। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবের উপলক্ষ এনে দিতে চাই।’
এদিকে পুরুষ দ্বৈতে বাংলাদেশ আনসারের মোয়াজ্জেম হোসেন ওহীদুল-শুভ খন্দকার জুটি ২২-২৪, ২১-১৮, ২৬-২৪ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার-এস এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়েছে। নারী দ্বৈতে সেনাবাহিনীর বৃষ্টি খাতুন-এস কে পৃথা জুটি ২৩-২১ ও ২১-১৭ পয়েন্টে নারায়ণগঞ্জের লিকা পোদ্দার ও স্মৃতি রাজবংশী জুটিকে হারিয়েছেন। মিশ্র দ্বৈতের ফাইনালে মুখোমুখি হয়েছিল সেনাবাহিনীর দুই জুটি। আল আমিন জুমার-উর্মি জুটি ২১-১৭, ২১-১৪ পয়েন্টে জিতেছেন তামিম হাসান-এস কে পৃথা জুটির বিপক্ষে।