লেস্টার সিটি থেকে কয়েকদিন আগে ধার চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন হামজা চৌধুরী। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ দিয়ে শেফিল্ডের হয়ে অভিষেক হয় তার। নতুন ক্লাবে নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
হামজার অভিষেক ম্যাচে কাউন্টিকে ১-০ গোলে হারায় শেফিল্ড। প্রতিপক্ষের মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে ম্যাচের ৪৯ মিনিটে অতিথিদের হয়ে জয়সূচক গোল করেন বেন ব্রেন্টন দিয়াস।
গোল কিংবা অ্যাসিস্ট না করলেও ম্যাচজুড়ে আলো ছড়ান হামজা। শুরুর একাদশে মাঠে নেমে রক্ষণের পাশাপাশি আক্রমভাগেও বলের জোগান দেন। কাউন্টির বিপক্ষে বল স্পর্শ করেন ৬১ বার। ড্রিবলে ছিলেন শতভাগ সফল। তার কাছ থেকে ৮০ শতাংশ নিখুঁত পাস পেয়েছে সতীর্থরা। ৪ বার লম্বা করে বল বাড়িয়েছেন, ৫ বার জিতেছেন গ্রাউন্ড ডুয়েলে, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন ৩ বার। এছাড়া প্রতিপক্ষের পাস থেকে বল আটকেছেন ২ বার।
এমন পারফরম্যান্সের পর খুব স্বাভাবিকভাবেই হামজাকে প্রশংসায় ভাসিয়েছেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াল্টার, ‘হামজা নিজের মতোই দারুণ খেলেছে। বেশকিছু দিন সে ফুটবলের বাইরে ছিল। যদিও মাঠে সেটার কোনো প্রভাব ছিল না। প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল।’
ম্যাচের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে হামজা লিখেছেন, ‘সেখানে থাকতে পেরে আমি আনন্দিত। প্রথম ম্যাচ, প্রথম জয়।’