সংবাদমাধ্যমে খবর ছড়ায়- বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয়কে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি না- সে ব্যাপারে অবগত নয় বোর্ড।
বিজয়ের ওপর আরোপিত সরকারি বিধিনিষেধের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি পায়নি তারা। বিসিবি আরো জানায়, বিসিবি এন্টি-করাপশন ইউনিটকে (আকসু) সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড।
বিসিবি জানায়, খেলার সততা ও চেতনা বজায় রাখার জন্য বোর্ড দৃঢ়প্রতিজ্ঞ। দুর্নীতির ব্যাপারে আইসিসি এন্টি-করাপশন আইন কঠোরভাবে মেনে চলবে বিসিবি। যে কোনো দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
আকসু বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সব বিষয় ক্রমাগত পর্যবেক্ষণ করছে, যথাযথ গোপনীয়তা ও বিবেচনার সঙ্গে সেগুলো মোকাবিলা করছে। তাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আকসুর তদন্তে সহায়তা করতে একটি স্বাধীন তদন্ত সংস্থা কমিটি গঠন করছে বিসিবি।