মুলতানে শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। দুই দলেরই টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ সিরিজ এটি। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে স্পিনারদের ঘূর্ণিজাদুতে দাপুটে জয় পায় স্বাগতিকরা। এবার দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রেখে সিরিজ ২-০ তে জয়ের লক্ষ্য থাকবে পাকিস্তানিদের। এজন্য সব বিভাগেই ভালো করতে হবে তাদের। বোলিংয়ে দুর্দান্ত তারা। কিন্তু ব্যাটিংটা ঠিকমতো হচ্ছে না। এজন্য কিছুটা উদ্বিগ্ন পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের আগে সহ-অধিনায়ক সৌদ শাকিল বললেন, বড় স্কোর গড়ার মানসিকতা নিয়ে মাঠে নামবেন তারা।
প্রথম ম্যাচে অধিনায়ক শান মাসুদের ব্যাট থেকে আসে ১২৭ রান। ৮৪ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন শাকিলও। নিজের লক্ষ্য প্রসঙ্গে ২৯ বছর বয়সি ব্যাটার শাকিল বলেন, ‘সব সময় আমার লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখার। র্যাংকিংটা গুরুত্বপূর্ণ। সেরা দশের মধ্যে থাকা গর্বিত অর্জন। তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো- দলের সাফল্য।’ দ্বিতীয় টেস্টেও মুলতানের উইকেট বোলারদের হয়ে কথা বলবে। এ নিয়ে দ্বিধা থাকার কথা নয়। বিশেষ করে স্পিনারদের জন্য স্বর্ণ-রাজ্য হবে। প্রথম ম্যাচে স্পিন শক্তি কাজে লাগিয়ে আড়াই দিনে জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ের পর দলটি দারুণ উজ্জীবিত। এই রিদম ধরে রেখে দ্বিতীয় ম্যাচটিও জয়ে রাঙাতে মুখিয়ে আছেন স্বাগতিকরা।
এদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে ওয়েস্ট ইন্ডিজ। দলটির ব্যাটার আলিক আথানাজে জানান, কন্ডিশনের সঙ্গে মানিয়ে স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করবেন তারা। গত ম্যাচে ব্যাটারদের জন্য খুবই দুর্বোধ্য হয়ে ওঠা মুলতানের উইকেট নিয়ে ভাবনায় আছে ক্যারিবীয়রা। যদিও তাদের স্পিনাররা এই উইকেটে সফল। কিন্তু ব্যাটাররা রীতিমতো বিধ্বস্ত হয়েছেন। তবে কন্ডিশন ও উইকেট বোঝে খেলার চেষ্টায় থাকবে ক্যারিবিয়ানরা।