ইউরোপ সেরার প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের পর্দা নেমেছে বেশিদিন হয়নি। এর মধ্যেই আগামী আসরের পর্দা উঠতে যাচ্ছে আজ রাতে। ২০২৫-২৬ সালের আসরের মহারণে আজ মাঠে নামছে ইউরোপের জায়ান্ট রিয়াল মাদ্রিদসহ আর্সেনাল, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস ও টটেনহাম। আরো আছে কয়েকটি দল।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে পিএসভি আইন্দোহোভেন ও সেন্ট গিলোইসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়নস লিগের। একই সময়ে অন্য ম্যাচে প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনালের মুখোমুখি হবে স্পেনের ক্লাব অ্যাথলেটিক বিলবাও। এই দুই দলের লড়াইয়ে আর্সেনাল স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে। প্রিমিয়ার লিগের দারুণ ছন্দে আছে তারা। শেষ ম্যাচেও আদায় করে নিয়েছে তিন পয়েন্ট। রাত ১টায় লড়াইয়ে নামবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও ‘তুরিনের বুড়ি’ খ্যাত ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এই ম্যাচে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। নিজ নিজ লিগের লড়াইয়ে দুই দলই আছে টেবিলের দুইয়ে।
একই সময়ে রাত ১টায় খেলবে টটেনহাম হটস্পার ও ভিয়ারিয়াল। দুই দলের মধ্যে টটেনহামকেই এগিয়ে রাখতে হয়। নিজেদের শেষ ম্যাচে জয়ের সুবাস নিয়েই মাঠে নামবে তারা। এদিক থেকে পিছিয়ে ভিয়ারিয়াল। তারা শেষ দুই ম্যাচের একটি ড্রয়ের সঙ্গে অন্যটি হেরেছে। সবচেয়ে জমজমাট ম্যাচে রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সেরা দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অলিম্পিক মার্সেই। এই ম্যাচে রিয়ালের জয় নিশ্চিত। জাভি আলোনসোর দল আছে ফর্মের তুঙ্গে। শেষ ম্যাচে লড়বে বেনফিকা ও কারাবাগ।