দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তাদের এই জয়ে পরের পর্ব নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার।
ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। তৃতীয় ম্যাচে বলিভিয়াকে হারায় ১-০ গোলে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিওনেল মেসিদের উত্তরসূরীরা।
এরপরও পরের পর্ব নিশ্চিত ছিল না আর্জেন্টিনার। তবে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর এচেভেরিদের পরের পর্বের টিকিট নিশ্চিত হয়েছে।
ব্রাজিলের সঙ্গে ড্র করলে ইকুয়েডরের পয়েন্ট হতো ৪। তাই নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতে পারলে পরের পর্বে চলে যেতো তারা। যদিও ব্রাজিলের কাছে হেরে সব সুযোগ শেষ করেছে ইকুয়েডর। অন্যদিকে আর্জেন্টিনার পাশাপাশি পরের পর্ব নিশ্চিত হয়েছে ব্রাজিল ও কলম্বিয়ার। ২ জয়ের ব্রাজিলের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে কলম্বিয়ার নামের পাশে শোভা পাচ্ছে আর্জেন্টিনার সমান ৭ পয়েন্ট।