অস্ট্রেলিয়ান ওপেন
চোখ ছিল শিরোপায়। কিন্তু দুর্ভাগ্য! নোভাক জোকোভিচকে থামতে হলো ফাইনালের আগেই। সেমিফাইনাল ম্যাচ পুরো না খেলেই বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। সার্বিয়ান এ সুপারস্টার মূলত পরাস্ত হয়েছেন ইনজুরির কাছে।
কোর্টে নামতেই লড়াইটা জমিয়ে তুলেন আলেকজান্ডার জভেরেভ। তবে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন জোকোভিচও। শেষে সাবেক এ নাম্বার ওয়ান প্রথম সেট টাই করেন ৬-৭ গেমে। তবে টাইব্রেকারে আর পেরে উঠেননি। কেননা ইনজুরি জ্বালিয়ে মারছিল তাকে। ৫-৭ গেমে হেরে যান জোকোভিচ।
ম্যাচের উদ্বোধনী সেটে খেলার মাঝেই বাঁ পায়ে চোট অনুভব করছিলেন রেকর্ড ২৪ মেজর ট্রফির মালিক। ইনজুরির সঙ্গে আর পেরে না উঠে ম্যাচ ছেড়ে দেন জোকোভিচ। এ টেনিস কিংবদন্তির কাছ থেকে ওয়াকওভার পেয়েই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাম লিখেছেন তার জার্মান প্রতিপক্ষ জভেরেভ।
ফাইনালে উঠার লড়াই থেকে নিজের নাম প্রত্যাহার করা নিয়ে জোকোভিচ বলেন, ‘প্রথম সেট শেষে ব্যথা ক্রমেই বাড়ছিল। সেই মুহূর্তে এটা সামলে খেলার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি জানতাম প্রথম সেট জিতলেও দুই, তিন কিংবা চার ঘণ্টা তার সঙ্গে লড়াইয়ের পাহাড় ডিঙাতে হতো, তার জন্য প্রয়োজনীয় শক্তি আজ আমার মধ্যে নেই।’