হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। শনিবার রাজশাহীতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।
রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন। দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ক্রীড়া সংগঠক। মাহমুদ জামাল ২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।