হোম > খেলা > ক্রিকেট

ঠান্ডা আবহাওয়ায় ‘গরম’ ক্রিকেটের অপেক্ষায় ম্যাকাই

বিশ্লেষণ

ইয়াফেজ ইমরোজ ইফাজ

শুরুর আগে বলাবলি হচ্ছিল ডারউইন টেস্ট হবে অস্ট্রেলিয়ার জন্য স্রেফ নিয়মরক্ষার এক ম্যাচ। বাংলাদেশ এই টেস্টে আড়াই দিনও টিকতে পারবে কি না—এমন আশঙ্কার একটা বাতাস ছড়িয়ে দেওয়া হয়েছিল সিরিজের প্রাক্কালে।

কিন্তু সেই টেস্টে কী দেখলাম আমরা? হঠাৎ করে জ্বলন্ত কড়াইয়ে পড়ল পুরো অস্ট্রেলিয়া দল। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমনকি ক্যাপ্টেন্সি, কোনো বিভাগেই অস্ট্রেলিয়া দাঁড়াতেই পারলই না। ১১ সেশনের পুরোটাই দাপট দেখাল বাংলাদেশ। ম্যাচ জিতল সাড়ে তিন দিনেরও কম সময়ে, ৯ উইকেটে। এমন রেজাল্টের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট যেন ভূমিকম্প হয়ে গেল! আজ শনিবার সকালে শুরু হতে পাওয়া সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে অস্ট্রেলিয়া ঠিক যাকে বলে প্রেশার কুক্ড, একেবারে ঠিক তাই!

তবে প্রথম টেস্ট হারার পর অস্ট্রেলিয়া মাঠে নামছে অনেকটা রিগ্রুপড হয়ে, আগের চেয়ে শক্তিমান হয়ে। জেদি হয়ে। ক্যামেরার আলো তাদের ওপর, বিশ্বজুড়ে সাংবাদিকরা তাদের প্রতিটি সিদ্ধান্ত নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। সিরিজ বাঁচানোর তাগিদে তারা তেঁতে আছে। কোনো সন্দেহ নেই বাংলাদেশকে তেড়েফুঁড়ে ঘায়েল করার পরিকল্পনা নিয়েই মাঠে নামবে অজিরা।

অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে আনন্দে ভাসলে পা কিন্তু জমিনেই রেখেছে। ডারউইনের জয়কে গোটা ক্রিকেট বিশ্ব ইতিহাস হিসেবেই স্বীকৃতি দিয়েছে, আর সেটা প্রাপ্য বলেই। তবে সেই আনন্দ পেছনে ফেলে এবার আরেকবার নিজেদের প্রমাণ করার পালা। পেশাদার ক্রিকেটে ধারাবাহিকতাই আসল মানদণ্ড, আর টেস্ট ক্রিকেটের শীর্ষে টিকে থাকতে হলে বাংলাদেশকে সেই মানদণ্ডেই উত্তীর্ণ হতে হবে। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্পষ্ট করেই বলেছেন, ডারউইনে যা হয়েছে তা অতীত। এখন সামনে আরো পাঁচ দিনের শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলতে হবে।

মজার ব্যাপার হলো, ম্যাকাইয়ে এর আগে কখনো টেস্ট খেলেইনি অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে হয়েও তাদের জন্য এই কন্ডিশন অনেকটাই অচেনা। এখানকার আবহাওয়া তুলনামূলক ঠান্ডা, তবে উইকেট হবে আরো বেশি পেসবান্ধব ও তেজি। বল ব্যাটে আসবে সত্যিকারের বাউন্সসহ, আর অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সেই বাউন্সি উইকেটে আগুন ঝরাতে মুখিয়ে থাকবে, বলে-ব্যাটে যেমন, স্লেজিংয়েও তেমন। ঠান্ডা আবহাওয়াকে নিজেদের আগ্রাসী ক্রিকেট দিয়ে উত্তপ্ত করে তোলার পরিকল্পনা অস্ট্রেলিয়ার। বাংলাদেশকে তাই বাইরের সব শোরগোল বন্ধ করে সেশন ধরে ধরে নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখতে হবে। ডারউইনে ঠিক এই পরিকল্পনাতেই তারা সফল হয়েছিল।

কন্ডিশনের কারণে একাদশ নির্বাচনও এই টেস্টে গুরুত্বপূর্ণ বিষয়। অস্ট্রেলিয়া টপ অর্ডারে একটি পরিবর্তন আনবে, রক্তক্ষরণ থামাতে দলে ফেরানো হয়েছে ম্যাট রেনশোকে। বাংলাদেশ চাইলে আত্মবিশ্বাসের সঙ্গেই জয়ী একাদশ ধরে রাখতে পারে। স্পিনার তাইজুল আর মিরাজকে নিয়ে চলা কম্বিনেশনের মূল্য পেসবান্ধব উইকেটেও কম নয়। তাইজুলের ব্যাট হাতে এক প্রান্ত আগলে রাখার সামর্থ্য ব্যাটিং লাইনআপকে লম্বা করে, আর ম্যাকাইয়ের উপকূলীয় বাতাস স্পিনারদের বাড়তি ড্রিফট আর ডিপ এনে দিতে পারে। তবে চার পেসারের আক্রমণে যাওয়াও খারাপ পরিকল্পনা হবে না। ডারউইনে তাসকিন প্রাণপণ বল করেছেন, শেষ দিকে তাকে ক্লান্তও দেখাচ্ছিল। তাই পুরো ইনিংসে কাজের চাপ ভাগ করে নিতে শরিফুলকে দলে আনার যুক্তিও যথেষ্ট শক্তিশালী।

দেখলাম কয়েকজন বিশ্লেষক বলছেন, এখন সব চাপ অস্ট্রেলিয়ার ওপর, বাংলাদেশের কাঁধে চাপ নেই। আমি এই মতের সঙ্গে একমত নই। বাংলাদেশের ওপরও চাপ সমান। মানসিক পরীক্ষাটা এখন বিশ্বকে প্রমাণ করার, ডারউইন কোনো ব্যতিক্রম ছিল না, বরং সেটা ছিল আগমনী এক ঘোষণা। টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা হওয়া উচিত প্রথম দিনের সকালের সেশনটাকে আলাদা করে দেখা, তারপর তার পরের সেশন, এভাবেই এগিয়ে যাওয়া।

বাংলাদেশ যদি বোলিংয়ে থাকে, অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে নিরীহ করে রাখাই লক্ষ্য হওয়া উচিত। আর ব্যাটিংয়ে নামলে ক্লান্ত, বয়সের ভারে ন্যুব্জ অজি পেস আক্রমণের পুরো সুবিধা নিতে হবে, শুধু লম্বা সময় ধরে ব্যাট করে যেতে হবে। এই উইকেটে লম্বা সময় ধরে ব্যাটিং করাটাই এনে দেবে সবচেয়ে বড় উপযোগিতা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এই ম্যাচের গুরুত্ব বাড়িয়ে বলার সুযোগ নেই। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের সামনে খুলে দিতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের এমন এক পথ, যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল।

ক্রিকেটের বড় ব্যক্তিত্বরা সব সময় বলে এসেছেন, টেস্ট ক্রিকেট ঠিক রাখো, বাকি সব ফরম্যাট এমনিতেই ঠিক হয়ে যাবে। বাংলাদেশের কাছে এই টেস্টে আমার একটাই চাওয়া—যাও চ্যালেঞ্জ গ্রহণ করো। পরিকল্পনায় স্থির থাকো। ধৈর্য ধরে রাখো। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাও।

শুভকামনা বাংলাদেশ। দেখিয়ে দাও বিশ্বকে, তোমরা কী করতে পারো।

লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেট বিশ্লেষক

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন

অনলাইন জুয়ার আসর থেকে তিনজন আটক

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি অর্ধশতাধিক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের অভিনন্দন

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইন্স্যুরেন্স কর্মী নিহত

শাহজালালে নিষিদ্ধ ক্রিমসহ ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক

অনূর্ধ্ব-১৯ দলের থাইল্যান্ড সফর বাতিল

বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

ঘরোয়া ফুটবল নিয়ে সিদ্ধান্ত আগামীকাল