আফগানিস্তানের কাছে বড় হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার আশা জিইয়ে রেখেছে ফরিদ হাসানের দল। আজ ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের ২৪৬ রানের জবাবে ২০০ রানেই অলআউট হয়েছে লঙ্কান যুবারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন আবদুল্লাহ আল মুহি। ২৫ বলে ৩০ রান করে ফিরলেও দলকে চাপে পড়তে দেননি আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়াম। তৃতীয় উইকেটে দুজনের ৬৮ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দেয়। ৮৩ বলে ৫৯ রান করেন সিয়াম। মুমিন খেলেন ৯৮ বলে ৮২ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে আসে ৪টি ছক্কা ও ২টি চার। সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থামতে হয় তাঁকে।
শ্রীলঙ্কার হয়ে ৫২ রানে ৪ উইকেট নেন সেথমিকা সেনেভিরত্নে। গিমহান মেন্ডিসের শিকার ৩ উইকেট।
জবাবে বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। একপ্রান্তে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগোদা। ৯৫ বলে ৮৫ রান করেন তিনি, ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। ৩৭তম ওভারে তাঁর বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক ২টি করে উইকেট নেন।
আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের বিপক্ষে।