হোম > খেলা > ক্রিকেট

ওভারটনের ফাইফারে ধসে গেল অস্ট্রেলিয়া

সিরিজে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

জেমি ওভারটন উপহার দিয়েছেন ক্যারিয়ারসেরা বিধ্বংসী বোলিং পারফরম্যান্স। তাতেই ঘরের মাঠে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ব্রিসবেনের গ্যাবায় বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ হাতছাড়া হয়েছে অজিদের। স্বাগতিক অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ইংলিশরা। লিয়াম ডসন ১৬ রানে ৩ উইকেট নিলে ১৬.৫ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৩ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়েই ৯৩ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।

গতকাল টস ও কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই অস্ট্রেলীয় ব্যাটারদের চেপে ধরেন ইংলিশ বোলাররা। অস্ট্রেলিয়ার শীর্ষ তিন ব্যাটার মিচেল মার্শ, স্যাম হারপার ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ছক্কা ও চারের মারে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বটে। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি স্পিনার লিয়াম ডসন মাত্র ২ বলের মাথায় অধিনায়ক মার্শকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন। এরপর ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান (১৪ বলে) করা স্যাম হারপারকেও ফেরান ডসন। দুটি ক্যাচই দুর্দান্ত দক্ষতায় তালুবন্দি করেন জেমি ওভারটন।

বোলিং আক্রমণে এসেই তাণ্ডব শুরু করেন ওভারটন। নিজের দ্বিতীয় বলেই ফ্রেজার-ম্যাকগার্ককে ফেরানোর পর শর্ট বলে অস্ট্রেলীয় ব্যাটারদের নাভিশ্বাস তুলে ফেলেন এই পেসার। তার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে ছন্দ হারান নিখিল চৌধুরী। টিম ডেভিডকে (৬) ফেরানোর পর নিখিল চৌধুরীর ফিরতি শটে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন ওভারটন। নিজের কোটার শেষ বলে বেন ডোয়ারশুইসকে উইকেটের পেছনে জর্ডান কক্সের ক্যাচ বানিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে পাঁচ উইকেট পূর্ণ করেন ওভারটন। ৪ ওভারে ১৭টি ডট বলসহ মাত্র ১২ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। লিয়াম ডসন ১৬ রানে ৩ উইকেট নিলে ১৬.৫ ওভারে ১০৮ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে আগের ম্যাচের নায়ক অ্যানিউরিন ডোনাল্ড এদিনও ঝোড়ো শুরু করেন। ফিল সল্ট দ্রুত ফিরলেও ডোনাল্ড মাত্র ১৩ বলে ৩২ রান তুলে দলকে এগিয়ে নেন। তবে বৃষ্টির প্রথম বিরতির পর রাইলি মেরেডিথের গতিতে কিছুটা ছন্দপতন ঘটে ইংল্যান্ডের। পাওয়ারপ্লের শেষ দিকে মেরেডিথ হ্যারি ব্রুক ও ডোনাল্ডকে ফিরিয়ে দিলে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

দফায় দফায় বৃষ্টির বাধায় ইংল্যান্ডের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ৯৩ রান। ব্যক্তিগত ১ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে নিখিল চৌধুরীর হাতে জীবন পেয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জর্ডান কক্স। বিলি স্ট্যানলেকের এক ওভারে ১৫ রান তোলার সঙ্গে টানা তিন বাউন্ডারিতে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৪৪ বল হাতে রেখেই কভার অঞ্চল দিয়ে চার মেরে দলকে ৭ উইকেটের সহজ জয় এনে দেন কক্স। তিনি ১৪ বলে ৩৩ রানে অপরাজিত থেকে যান। অস্ট্রেলিয়ার হয়ে রাইলি মেরেডিথ ৩০ রানে শিকার করেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ১০৮/১০, ১৬.৫ ওভার (হারপার ২৬, ফ্রেজার-ম্যাকগার্ক ২২, নিখিল ১৯; ওভারটন ৫/১২ ও ডসন ৩/১৬)।

ইংল্যান্ড (১৬ ওভারে লক্ষ্য ৯৩) : ৯৩/৩, ৮.৫ ওভার (কক্স ৩৩*, ডোনাল্ড ৩২; মেরেডিথ ৩/৩০)।

ফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)।

সিরিজ : ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।

ম্যাচসেরা : জেমি ওভারটন।

শাহাদাতের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

ক্রাইস্টচার্চে সমানে লড়ল ভারত-নিউজিল্যান্ড

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ

বল টেম্পারিংয়ের নতুন অভিযোগে নাথান লায়ন

বাংলাদেশের সামনে পাকিস্তান

দুই সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

দুঃখিত মুমিনুল, আপনি আর পারছেন না!

ছোট পর্দায় রাইজিং স্টারসের বাংলাদেশ এ-পাকিস্তান এ ম্যাচের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টি-টোয়েন্টি

বাংলাদেশ সিরিজে নেই কোয়েটজি-মাফাকা

মোস্তাফিজের জোড়া উইকেটে জিতল দুবাই