হোম > খেলা > ক্রিকেট

ব্যর্থতার দায় ক্রিকেটারদের : অস্ট্রেলিয়া কোচ

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের খেলা শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ থেকে মাঠে গড়াচ্ছে সুপার এইটের খেলা। বৈশ্বিক এ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাকি ১২ দল। বিদায়ী দলের তালিকায় আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে মার্শ-ম্যাক্সওয়েলরা। আজ ওমানের বিপক্ষে অজিরা খেলেছে নিয়মরক্ষার শেষ ম্যাচ। সবার প্রশ্ন এখন একটাই, অস্ট্রেলিয়ার সমস্যাটা কোথায়? টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে।

ক্রিকেট দুনিয়ার সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকদের অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সেভাবে গুরুত্বই দেয়নি অস্ট্রেলিয়া। তাদের কাছে সর্বশেষ ‘অ্যাশেজ’ সিরিজই বেশি প্রাধান্য পেয়েছে। সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এমন ভরাডুবির জন্য কোচ কাঠগড়ায় তুলেছেন দলে থাকা ক্রিকেটারদের। খেলোয়াড়দের দলগত পারফর্ম করতে না পারার ব্যর্থতাই ম্যাকডোনাল্ডের চোখে দায়ী। এখানেই থেমে থাকেননি তিনি, দেশে ফিরে বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের ব্যর্থতার পর্যালোচনা করার কথাও জানিয়েছেন।

টি-টোয়েন্টিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ নাকচ করে অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘আমি মনে করি আমরা ২০২১ সালে একবার (টি-টোয়েন্টি বিশ্বকাপ) জিতেছিলাম এবং এরপর থেকে আমরা ফরম্যাটটিতে অতটা সফল নই। যদিও অস্ট্রেলিয়ান দলের ওপর প্রত্যাশা বেশি ছিল এবং এটি যৌক্তিকও। কিন্তু বসে বসে যদি বলা হয়, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অন্য ফরম্যাট বা সিরিজকে বেশি প্রাধান্য দিয়েছি, তাহলে সেটি সম্পূর্ণ মিথ্যা।’

দলের ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারেনি। তারপরও বিশ্বকাপের স্কোয়াড ও ম্যাচ খেলা একাদশ যথেষ্ট ভারসাম্যপূর্ণ ছিল বলে মনে করেন কোচ, ‘আমার মতে, যখন আপনি বলবেন ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস এবং মিচেল মার্শ থাকা সত্ত্বেও আমরা আমাদের বক্সে থাকা পুরো শক্তি কাজে লাগাইনি, সেটি অন্যায়। আমি তাদের নাম নিয়েছি, কারণ তারাও (সর্বশেষ অ্যাশেজে) টেস্ট খেলেছে। সুতরাং আপনি টেস্ট ক্রিকেট খেলবেন মানে প্রতিটি কন্ডিশনে নিজেকে সমন্বয় করার দক্ষতা আপনার আছে। এই কন্ডিশনেও নিজেদের কাজটা ঠিকঠাক করার মতো যথেষ্ট ভারসাম্য আছে এই দলে।’

স্টিভ স্মিথকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কোচ, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে যারা একসঙ্গে পারফর্ম করতে পারেনি, যা এই দলে কদাচিৎ ঘটে। এখানে থাকা ক্রিকেটাররা যথেষ্ট ভালো মানের বলে বিশ্বাস করি এবং আমরা বাইরে থাকা কাউকে মিস করছি- ব্যাপারটা এমনও নয়। দেখতে হবে যারা আছে তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছে কি না, সেটি না হওয়ায় আমরা হতাশ। আমরা বিষয়টি স্বীকার করি এবং এ-সংক্রান্ত সমালোচনা ন্যায্য এবং যৌক্তিক।’

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের সমালোচনায় সালাউদ্দিন

মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই, সূচি প্রকাশ

বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ ভোলা কঠিন ছিল : সাইফ

ফাহিমার অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে বাংলাদেশ

জয়ে মিশন শেষ করল আফগানিস্তান

এখনো বাকি ঢাকা-সিলেটের পারিশ্রমিক

অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়ের লঙ্কা বধ

কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতনে শান্ত-লিটনরা

নতুন ক্রীড়া প্রশাসন, বিসিবিতে রেড অ্যালার্ম!