এশিয়ান গেমসে নারী ক্রিকেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশ ও চীনের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
জাপানের নাগোয়ার কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত ম্যাচটি মাঠ ভেজা থাকায় শুরু করা সম্ভব হয়নি। আম্পায়াররা তিন দফায় মাঠ পরিদর্শন করেও খেলার উপযোগী অবস্থায় না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে পুরো ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে ফল নির্ধারণে সুপার ওভার আয়োজনেরও চেষ্টা করা হয়। সেটিও সম্ভব না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হয়। সেই নিয়মেই সুবিধা পেয়েছে বাংলাদেশ। বর্তমানে নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭।
আজ বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বেলা ১টায় সময় ওসাকায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছিল।