ঢাকা টেস্টের প্রথম দিন শেষে লড়াইয়ে এগিয়েই ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে লড়াইয়ে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে দ্রত অলআউট করে দিয়ে ব্যাটিংয়েও শুরুটা ভালো ছিল ক্যারিবীয়দের। তবে শেষ সেশনে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে খানিকটা স্বস্তিতে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও ১৩৮ রানে পিছিয়ে সফরকারীরা।
বাংলাদেশকে প্রথম সেশনে অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। জন ক্যাম্পবেলের ফিফটিতে চা বিরতির আগ পর্যন্ত ১ উইকেটে ৮৯ রান করে সফরকারীরা। তবে শুরুর সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ক্যারিবীয়রা।
চা বিরতির আগে বৃষ্টির কারণে প্রায় ঘণ্টাখানেক বিরতি ছিল। আর সেই বিরতিই বাংলাদেশকে মোমেন্টাম এনে দেয়। বিরতির পর ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মিরাজের হাওয়ায় ভাসানো বল স্লিপে নাজমুল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাম্পবেল। ৫৪ রান করে ফিরেছেন তিনি।
মিরাজ ওপেনিং এনে দেয়ার পর এক ওভারে ২ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩৬তম ওভারে কাভেম হজ সিলি পয়েন্টে ক্যাচ দেন মুমিনুল হকের হাতে। একই ওভারের পঞ্চম বলে আমির জাঙ্গুকেও ফেরান তিনি। তাইজুলের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন জাঙ্গু।
দ্রুত ৩ উইকেট চলে যাওয়ায়া উইন্ডিজের ব্যাটিং ধসের একটা আশঙ্কা তৈরি হলেও দিনের শেষদিকে আর কোনো বিপদ আসতে দেননি ত্যাগনারায়ন চন্দরপল এবং জাস্টিন গ্রিভস। ৪৩ রানে অপরাজিত আছেন ত্যাগনারায়ন। ১৫ রান করে তার সঙ্গে আছেন জাস্টিন গ্রিভস।
এর আগে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করার মাত্র পর ৫৯ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৭২ রানে। গত দিন ১০ রান নিয়ে দিন শেষ করা লিটন আজ ৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সাদমান ইসলাম পেয়েছেন সেঞ্চুরি।
আগের দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার।
২২০ বলে সেঞ্চুরি করেছেন সাদমান। ৩১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সাদমানের তৃতীয় সেঞ্চুরি এটি। আগের সেঞ্চুরিটি এসেছিল ১৭ ইনিংস আগে, ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সেঞ্চুরিটি করেছিলেন তিনি।
সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন অভিষিক্ত বিশপ। ১১ চারে ১০৫ রান করে ফিরেছেন সাদমান।
সাদমানের আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন গতকাল রিটায়ার্ড হার্ট হওয়া তাওহীদ হৃদয়। তবে গত দিনের ৪২ রানের সঙ্গে এক রানও যোগ করতে পারেনিনি হৃদয়। অভিষিক্ত বিশপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস ৩২ রানের জুটি গড়েন। মিরাজকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন জোমেল ওয়ারিক্যান। ওয়ারিক্যানের আর্ম বলে বোল্ড হয়েছেন মিরাজ।
মিরাজের বিদায়ের পর ১৯ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ। তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং হাসান মাহমুদরা কেউ ক্রিজে স্থায়ী হতে পারেননি। এক প্রান্তে অপরাজিত থেকে গেছেন লিটন।
বাংলাদেশের ব্যাটিং ধস ঘটিয়েছেন ওয়ারিক্যান। গতকাল ২ উইকেট পাওয়া এই স্পিনার আজ শেষ ৩ উইকেট নিয়েছেন। ওয়ারিক্যানের ২৫ ম্যাচের ক্যারিয়ারে এটি তৃতীয় ৫ উইকেট।