আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার আফসার জাজাই। খেলা চলাকালীন মাঠে অনধিকার প্রবেশ ও সময় নষ্ট করার অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তান দলের একাদশে ছিলেন না জাজাই; দায়িত্ব পালন করছিলেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। আফগানদের দ্বিতীয় ইনিংসের ১৩৯তম ওভারে মাঠের অনফিল্ড আম্পায়ারদের স্পষ্ট নিষেধ সত্ত্বেও তিনি অনুমতি ছাড়া মাঠে প্রবেশ করেন। এর ফলে খেলার স্বাভাবিক গতি ব্যাহত হয় এবং অপ্রয়োজনে সময় নষ্ট হয়।
ঘটনাটির পর ম্যাচের অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি যৌথভাবে আফসার জাজাইয়ের বিরুদ্ধে আইসিসির আচরণবিধি লেভেল-১ ভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ তোলেন।
ম্যাচ রেফারি কর্তৃক আরোপিত শাস্তি আফসার জাজাই বিনাবাক্যে স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে এটিই জাজাইয়ের প্রথম আচরণবিধি ভঙ্গের ঘটনা।
আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করার বিধান রয়েছে।