হোম > খেলা > ক্রিকেট

রবি বোলার হান্টে স্বীকৃতি পেলেন দেশের উদীয়মান বোলিং প্রতিভারা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের প্রতিশ্রুতিশীল বোলিং প্রতিভা খুঁজে বের করা ও তাদের বিকাশে সহায়তার লক্ষ্যে আয়োজিত রবি বোলার হান্টের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

২৫ হাজারেরও বেশি নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিভা অন্বেষণ উদ্যোগে দেশের ৯টি ভেন্যুতে ট্রায়াল সম্পন্ন করার পর খুঁজে পাওয়া গেছে ১৪৩ জন সম্ভাবনাময় বোলার। তাঁদের মধ্যে রয়েছেন ৫৭ জন পেসার ও ৮৬ জন স্পিনার। অংশগ্রহণকারীদের মধ্যে ১০৮ জন পুরুষ এবং ৩৫ জন নারী বোলার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রতিভার অংশগ্রহণ এবং সেখান থেকে প্রতিশ্রুতিশীল বোলারকে বাছাই করার মধ্য দিয়ে দেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার এই উদ্যোগের ব্যাপকতা ও অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।

নির্বাচিত প্রতিযোগীরা ১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের বাছাই পর্বে অংশ নেন। সেখানে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির পর পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের মূল্যায়ন করা হয়। দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ৪২ জন বোলার ২ নভেম্বর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। চূড়ান্ত ট্রায়ালে অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করেন। রবি বোলার হান্টে ২১ জন বিজয়ী হয়েছেন। এছাড়া আরও ২ জনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, রবি আজিয়াটা পিএলসি’র হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বলেন, “বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়নে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি বোলার হান্টের মতো উদ্যোগ সম্ভাবনাময় ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরা এবং স্বীকৃতি পাওয়ার মূল্যবান সুযোগ করে দেয়। ক্রিকেটের উন্নয়নে রবির সম্পৃক্ততাকে আমরা সাধুবাদ জানাই। আশা করি, এই উদ্যোগ আরও অনেক তরুণ বোলারকে নিষ্ঠা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে উৎসাহিত করবে।”

এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “রবি বোলার হান্ট বাংলাদেশের তরুণ প্রতিভাদের জন্য অর্থবহ সুযোগ তৈরিতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রতিভা যেকোনো জায়গা থেকেই উঠে আসতে পারে। এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময় ক্রিকেটারদের নিজেদের দক্ষতা তুলে ধরার এবং স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখা এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করাই রবির লক্ষ্য।”

শওকত কাদের চৌধুরী বলেন, “রবি বোলার হান্ট সম্ভাবনাময় বোলারদের জন্য সুযোগ তৈরিতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন আরও অনেক তরুণকে ক্রিকেটে এগিয়ে আসতে এবং নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে।”

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ রবি বোলার হান্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশব্যাপী বাছাই কার্যক্রম শুরু

হয় ২৭ সেপ্টেম্বর সিলেটে। সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ঢাকার দুটি স্থানসহ মোট আটটি ভেন্যুতে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। খুলনার ভেন্যুতে বরিশালের অংশগ্রহণকারীরাও অংশ নেওয়ার সুযোগ পান।

এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পেস বোলিং হান্ট এবং স্পিন বোলিং হান্ট আয়োজন করেছে রবি। এসব উদ্যোগের মাধ্যমে এবাদত হোসেন ও রিশাদ হোসেনের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের খুঁজে বের করা সম্ভব হয়েছে।

আল আমিনের সেঞ্চুরি, পায়েলের ৫ উইকেট

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ‘সমীকরণ তত্ত্ব’

নূরের ফাইফারে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল আফগানিস্তান

মেহরবের সেঞ্চুরি, আরাফাতের ৬ উইকেট, নাসুমের ফাইফার

ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের শেষ ভালোর সুখস্মৃতি

ফাইনালে পাকিস্তানের রেকর্ডের ছড়াছড়ি

এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা