জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন বৃষ্টির কারণে একটি ম্যাচের টসই হয়নি। ভিন্ন দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন ময়মনসিংহের মাহফিজুল ইসলাম এবং ঢাকার নাঈম শেখ। অন্য ম্যাচে বরিশালের বিপক্ষে দলের কেউ সেঞ্চুরি না পেলেও ভালো অবস্থানে আছে রংপুর।
নাঈম শেখের ১৭১*
জাতীয় ক্রিকেট লিগে ছুটছে নাঈম শেখের ব্যাট। টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার। শনিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ৮৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল দলটি। তবে নাঈমের অনবদ্য সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে ঢাকা।
শুরুর তিন উইকেটের পর সারা দিনে আর কোনো উইকেট হারায়নি ঢাকা। ৮৮ বলে ফিফটি, ১৪৩ বলে সেঞ্চুরি এবং ২১৬ বলে দেড়শ রান পূর্ণ করেন নাঈম। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সপ্তম সেঞ্চুরি। দিন শেষে ১৭১ রানে অপরাজিত আছেন এই ব্যাটার।
উইকেটের অন্য প্রান্তে নাঈমকে ভালো সঙ্গ দিয়েছেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। দিন শেষে ৮৪ রানে অপরাজিত আছেন তিনি। প্রথম দিন শেষে ঢাকার সংগ্রহ তিন উইকেটে ২৯৩ রান।
আবারও মাহফিজুলের সেঞ্চুরি
জাতীয় ক্রিকেট লিগে আগের ছয় ইনিংসে দুটি ফিফটি ও দুটি সেঞ্চুরি করেছিলেন মাহফিজুল। মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে খেলেন এই ব্যাটার। সেখানে তেমন ভালো করতে না পারলেও জাতীয় লিগে ফিরেই আবার সেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের এই ব্যাটার।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ১৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাহফিজুল। চলতি আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি আর প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ। তার ইনিংসে ভর করে প্রথম দিন শেষে চার উইকেটে ২৯৯ রান করেছে ময়মনসিংহ।
এদিন চট্টগ্রামের হাসান মুরাদ নিয়েছেন তিন উইকেট।
সেঞ্চুরি না পেলেও খারাপ হয়নি রংপুরের শুরু
সিলেটের একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে প্রথম দিন শেষে পাঁচ উইকেটে ৩২০ রান করেছে রংপুর। ৩২০ রানের মধ্যে কোনো সেঞ্চুরি না থাকলেও ভালো ইনিংস খেলেছেন মিম মোসাদ্দেক, ইকবাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।
মিম ৭৭ এবং ইকবাল ৪৮ রান করে আউট হন। মামুন ৬১ ও আলাউদ্দীন বাবু ৪৬ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।