জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন ময়মনসিংহের আল আমিন। অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আসাদুজ্জামান পায়েল।
আব্দুল্লাহর প্রতিরোধ
রাজশাহীতে বৃষ্টির বাধায় প্রথম দুই দিন না হওয়ার পর সোমবার মাঠে গড়িয়েছে ঢাকা-বরিশালের ম্যাচ। তবে মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। টপ অর্ডারের ব্যর্থতায় ১২৮ রানে প্রথম ৫ উইকেট হারায় বরিশাল। তবে একপ্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন উইকেটরক্ষক ব্যাটার মো. আব্দুল্লাহ।
তার অপরাজিত ৬২ রানের ইনিংসে ভর করে দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান তুলেছে বরিশাল। ইফতেখার হোসেন ইফতি করেন ৪৭ রান। ঢাকার হয়ে ৩ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব।
আল-আমিনের সেঞ্চুরি
ফলোঅনে শুরুটা ভালো না হলেও ১৩৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ময়মনসংহ। আগের দিনের ২ উইকেটে ৫৭ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা।
দলকে ইনিংস ব্যবধানে হারের হাত থেকে একাই রক্ষা করেছেন আল আমিন। ধৈর্যশীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের পঞ্চম সেঞ্চুরি। ১৮৫ বলে ১০ চারে ১০২ রান করে আউট হন এই ব্যাটার।
এর আগে প্রথম ইনিংসে ২৮৮ রান করে খুলনা। জবাবে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় ময়মনসিংহ।
জয়ের পথে চট্টগ্রাম
নিজেদের ঘরের মাঠে সিলেটের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে চট্টগ্রাম। শেষ দিন জয়ের জন্য ১০১ রান দরকার তাদের, হাতে ৯ উইকেট।
সোমবার আগের দিনের ২ উইকেটে ৯৭ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২১৮ রানে অলআউট হয় সিলেট।
এই ইনিংসে চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
জবাব দিতে নেমে সাদিকুর রহমান এবং শাহ পরানের ফিফটিতে ১ উইকেটে ১২৬ রান নিয়ে দিন শেষ করেছে চট্টগ্রাম।
পায়েলের ৫ উইকেট
বগুড়ায় রাজশাহী-রংপুরের ম্যাচে বল হাতে আসাদুজ্জামান পায়েলের ৫ উইকেটের পর ব্যাট হাতে অধিনায়ক প্রীতম কুমারের দৃঢ়তায় ভালোভাবেই তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে তারা।
এর আগে ৩ উইকেটে ১২২ রানে তৃতীয় দিন শুরু করে প্রথম ইনিংসে ২৫৬ রানে থামে রাজশাহী। ওপেনার অনিক করেন ৭৫ রান। ইকবাল খেলেন ৭০ রানের ইনিংস। রাজশাহীর হয়ে ৫ উইকেট নিয়েছেন পায়েল।