হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ঘুরে দাঁড়ানোর মিশনে স্পেন-সৌদি আরব

স্পোর্টস রিপোর্টার

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট স্পেন এবং মধ্যপ্রাচ্যের শক্তিশালী দল সৌদি আরব। ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় ম্যাচ ডে-তে আজ রোববার রাত ১০টায় মাঠে নামছে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় এই ম্যাচ দুই দলের জন্যই নকআউট পর্বে যাওয়ার পথ মসৃণ করার এক অগ্নিপরীক্ষা।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে যাত্রা শুরু করলেও স্পেনের প্রথম ম্যাচ ছিল চরম হতাশাজনক। অভিষিক্ত কেপ ভার্দের রক্ষণ দুর্গে চিড় ধরাতে না পারায় গোলশূন্য ড্র (০-০) নিয়ে মাঠ ছাড়তে হয় লা রোজাদের। একটি পয়েন্ট পেলেও স্প্যানিশরা খুইয়ে ফেলেছে মূল্যবান দুটি পয়েন্ট। অন্যদিকে, লড়াকু ফুটবল খেলে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মূল্যবান ১ পয়েন্ট তুলে নিয়েছে সৌদি আরবও। ম্যাচের ৪১ মিনিটে আবদুল্লাহ আল আমরির গোলে সৌদি আরব এগিয়ে গেলেও শেষ মুহূর্তের গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে হয় জর্জিওস দোনিসের শিষ্যদের।

বর্তমানে গ্রুপ ‘এইচ’-এর চার দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট। ফলে গ্রুপ টেবিলের সমীকরণ এখনো সম্পূর্ণ উন্মুক্ত। স্পেন খুব ভালো করেই জানে যে, নকআউট পর্ব অর্থাৎ ‘রাউন্ড অব ৩২’-এ পা রাখতে হলে আগামী দুই ম্যাচ থেকে অন্তত ৪ পয়েন্ট নিশ্চিত করতে হবে। আর তাই আজকের রাতের ম্যাচে ৩ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে যাওয়াই এখন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রধান লক্ষ্য।

কেপ ভার্দের বিপক্ষে ফিফা র‌্যাংকিংয়ের তিনে থাকা স্পেনের আক্রমণভাগে সৃজনশীলতার তীব্র অভাব লক্ষ করা গেছে। তবে ম্যাচের শেষ ১৯ মিনিটে বার্সেলোনার ১৮ বছর বয়সি তরুণ সুপারস্টার লামিন ইয়ামাল মাঠে নামার পর স্পেনের খেলায় গতি ফেরে। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা এই বিস্ময় বালককে র‌্যাংকিংয়ের ৫৯তম দল সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই খেলানোর ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ইয়ামালের ছন্দে থাকা স্পেনের জন্য অত্যন্ত জরুরি। ইয়ামালের পাশাপাশি নিকো উইলিয়ামসও শুরুর একাদশে ফিরতে পারেন, যা স্পেনের আক্রমণভাগকে আরো ধারালো করবে।

বিশ্বকাপের মঞ্চে এর আগে মাত্র একবারই এই দুদল মুখোমুখি হয়েছিল। ২০০৬ সালের সেই গ্রুপ পর্বের ম্যাচে হুয়ানিতোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল স্পেন। এছাড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দুটি সাক্ষাতেও শেষ হাসি হেসেছে স্প্যানিশরাই। ফলে সৌদি আরবের সামনে এবার স্পেনের বিপক্ষে প্রথম জয়ের ঐতিহাসিক সুযোগ, যার জন্য তারা কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা খুঁজবে। ১৯৯৪ সালে নিজেদের সেরা পারফরম্যান্সে রাউন্ড অব ১৬-এ খেললেও, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল গ্রিন ফ্যালকনদের।

কাগজে-কলমে স্পেন এই ম্যাচে স্পষ্ট ফেভারিট। তবে উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের লড়াকু মানসিকতা প্রমাণ করে যে, তারা স্পেনের জন্য সহজ প্রতিপক্ষ হবে না। অধিনায়ক সালেম আল-দাওসারির অভিজ্ঞতা এবং ফিরাস আল বুরাইকানের গোল করার দক্ষতা সৌদি আরবকে কাউন্টার অ্যাটাকে সুবিধা দিতে পারে। তবে লামিন ইয়ামাল এবং পেদ্রিদের নিয়ে গঠিত স্পেনের আক্রমণভাগ যদি নিজেদের চেনা ছন্দে ফিরতে পারে, তবে স্পেনের পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

ফিফা র‌্যাংকিংয়ে অবস্থান

স্পেন ৩

সৌদি আরব ৫৯

মুখোমুখি লড়াই

মোট ম্যাচ ৩

স্পেনের জয় ৩

সৌদি আরবের জয় ০

হাজারতম বিশ্বকাপ ম্যাচে তিউনিসিয়াকে গোলবন্যায় ভাসিয়ে বিদায় করল জাপান

নকআউটের পথে এগোতে মুখোমুখি বেলজিয়াম-ইরান

সেই ব্লকবাস্টার ব্রাজিল কোথায়?

তুরস্কের এমন বিদায় কেন, কী কারণে?

এলয় রুমের বিশ্বরেকর্ডে ইকুয়েডরকে রুখে দিল কুরাসাও

উন্দাভের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি

হাজারতম ম্যাচ জয়ে রাঙাতে চায় জাপান

গাকপো-ব্রোবের জোড়ায় নেদারল্যান্ডসের বড় জয়

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজার দ্রুততম গোল