হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

টাইমস স্কয়ারে ছদ্মবেশে হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে নিজের অভিষেক ম্যাচেই ইরাকের রক্ষণভাগ চূর্ণ করে দিয়েছেন। তার জোড়া গোলে কেঁপেছে পুরো নরওয়ে। অথচ মাঠের সেই বিধ্বংসী রূপ ভুলে, সম্পূর্ণ ছদ্মবেশে নিউ ইয়র্কের রাস্তায় একজন সাধারণ পর্যটকের মতো ঘুরে বেড়ালেন নরওয়ের গোলমেশিন আর্লিং ব্রট হাল্যান্ড!

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। মাঠের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর, আগামী মঙ্গলবার ভোর ৬টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে তারা। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে ফুটবলারদের মানসিক চাপ কমাতে দুদিনের ছুটি দিয়েছেন নরওয়েজিয়ান কোচ স্তালে সলবাকেন। আর এই ছুটির দিনটি বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় দারুণ উপভোগ করেছেন ২৫ বছর বয়সি এই ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।

মাঠে হাল্যান্ডকে চেনার সবচেয়ে বড় চাবিকাঠি হলো তার বিখ্যাত সোনালী লম্বা চুল, যা সাধারণত খেলার সময় খোঁপা করা থাকে। কিন্তু নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এবং ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘কাটজস ডেলি’র সামনে যখন হাল্যান্ড দাঁড়ান, তখন চেনার কোনো উপায় ছিল না। মাথায় একটি হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস পরে নিজেকে পুরোপুরি আড়াল করে নেন এই তারকা।

জনাকীর্ণ টাইমস স্কয়ারে অনেকেই তার পাশে দাঁড়িয়ে ছবি তুললেও, নিউ ইয়র্কবাসী টেরই পায়নি যে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ তারকা তাদের গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছেন! সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের এই ছদ্মবেশের ছবি পোস্ট করে হাল্যান্ড মজার ছলে লিখেছেন, ‘সত্যি বলতে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’

শিষ্যদের এমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো এবং মানসিক চাপমুক্ত হওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন কোচ স্তালে সলবাকেন। তিনি বলেন, ‘সবারই একটা ছোট বিরতির প্রয়োজন আছে। মাথাটা একটু হালকা করা এবং আমার ও দলের বাকিদের থেকে কয়েকটা দিন দূরে থাকা দরকার। এই সময়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোটা ছেলেদের জন্য (পরবর্তী ম্যাচের আগে) দারুণ কাজে দেবে।’

ইরাকের বিপক্ষে রাজকীয় শুরুর পর কোচের দেওয়া এই ‘টনিক’ কতটা কাজে দিল, তা প্রমাণ হবে সেনেগালের বিপক্ষে মাঠের লড়াইয়ে। তবে আপাতত নিউ ইয়র্কের রাস্তায় ছদ্মবেশী হাল্যান্ডের এই ঘুরে বেড়ানোর গল্প ফুটবলপ্রেমীদের দারুণ আনন্দ দিচ্ছে।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার