হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল সহ-আয়োজক মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে চলতি আসরের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা।

জাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে অবশ্য খুব একটা ছন্দে ছিল না মেক্সিকো। বরং আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দক্ষিণ কোরিয়াকে। অধিনায়ক সং হিউং-মিনকে কেন্দ্র করে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপও তৈরি করে এশিয়ার দলটি। তবে শেষ পর্যন্ত কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় মেক্সিকো। আর সেই চাপের মধ্যেই আসে ম্যাচের একমাত্র গোল। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ একটি ক্রস ধরতে এগিয়ে এলেও নিজের সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে বলের নিয়ন্ত্রণ হারান। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লুইস রিমো। আলতো টোকায় বল জালে পাঠিয়ে মেক্সিকোকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর সংগঠিত রক্ষণভাগ তাদেরকে কোনো সুযোগ কাজে লাগাতে দেয়নি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে মেক্সিকো। একই সঙ্গে বিশ্বকাপের প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিটও।

অন্যদিকে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। গ্রুপের বাকি দুই দল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ পয়েন্ট করে। ফলে শেষ ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে এখনও টিকে আছে কোরিয়ানরা।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার