হাইতির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল, তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে জয় নয় বরং রাফিনহার চোট। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে দলের অন্যতম ভরসার এই উইঙ্গারকে হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন সেলেসাও শিবির।
হাইতির বিপক্ষে ম্যাচের ১২তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন রাফিনহা। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এরপর ৪০তম মিনিটে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনা তারকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের চোটের জায়গাতেই আবারও আঘাত পেয়েছেন তিনি। ব্রাজিলের গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে যে হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন, সেটিই নতুন করে ফিরে আসতে পারে।
এই একই চোটের কারণে গত মার্চে জাতীয় দলের ম্যাচ খেলার সময়ও মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রাফিনহাকে। তখন প্রায় দেড় মাস তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়। এমনকি আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচও মিস করেছিলেন তিনি।
তাই মাত্র কয়েক মাসের ব্যবধানে একই জায়গায় নতুন করে চোট পাওয়ার খবর ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। যদিও পরিস্থিতি নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ বলেন, “আগামীকাল রাফিনহার চোট পরীক্ষা করা হবে। এই মুহূর্তে ঠিক কী হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই আমরা স্পষ্ট ধারণা পাব।”
বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে রাফিনহা খেলতে পারবেন কি না, সেটিও এখন নির্ভর করছে মেডিকেল পরীক্ষার ফলাফলের ওপর। ফলে নেইমারের ফেরার সুখবরের মাঝেও নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল।