হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় অঘটনের জন্ম দিল ইকুয়েডর। শুরুতে পিছিয়ে পড়েও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে অবিশ্বাস্যভাবে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউটে উঠল দক্ষিণ আমেরিকার দলটি।

গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে ড্র করে কঠিন সমীকরণে পড়ে গিয়েছিল ইকুয়েডর। অন্যদিকে জার্মানি আগের দুই ম্যাচ জিতে আগেই শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছিল। ফলে কাগজে-কলমে ফেভারিট ছিল জার্মানরাই। তবে মাঠে তার উল্টো গল্প লিখেছে ইকুয়েডর।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। নাথানিয়েল ব্রাউনের থ্রো-ইন থেকে শুরু হওয়া আক্রমণে আলেক্সান্ডার পাভলোভিচ, ফ্লোরিয়ান ভির্টজের পাসে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন সানে।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মানরা। নবম মিনিটেই ফেলিক্স এনমেচার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে পেদ্রো ভিতে পাস বাড়ান নিলসন আঙ্গুলোকে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে সমতায় ফেরে ইকুয়েডর। সেটিই ছিল এবারের বিশ্বকাপে তাদের প্রথম গোল।

প্রথমার্ধে সমতায় থাকা ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ৭৭তম মিনিটে। কর্নার থেকে আসা বলে গোলরক্ষক নয়্যার এগিয়ে এলেও সুযোগ বুঝে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় বল জালে পাঠান গঞ্জালো প্লাতা। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচজুড়েই জার্মানিকে কঠিন পরীক্ষায় ফেলে ইকুয়েডর। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করে তারা। শেষ পর্যন্ত লিড ধরে রেখে ইতিহাস গড়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার প্রতিনিধিরা।

এই জয়ের বিশেষ তাৎপর্যও রয়েছে। এর আগে দুইবার মুখোমুখি হলেও কখনো জার্মানিকে হারাতে পারেনি ইকুয়েডর। ২০০৬ বিশ্বকাপে জার্মানির কাছে ৩-০ গোলে হারের পাশাপাশি ২০১৩ সালের প্রীতি ম্যাচেও ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। এবার সেই জার্মানিকেই হারিয়ে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটাল ইকুয়েডর।

বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে মূল আসরে জায়গা করে নেওয়া ইকুয়েডর গ্রুপপর্বে প্রত্যাশিত ছন্দে ছিল না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজেদের সেরা ফুটবল খেলেছে তারা। আর সেই জয়েই নিশ্চিত হয়েছে নকআউট পর্বের টিকিট।

গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ মরক্কো

ভিনি দ্য জিনিয়াস!

আজতেকার গালিচায় ‘মেমোর শেষ প্রহর’

পয়েন্ট ভাগাভাগিতে নকআউটে জাপান-সুইডেন

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট

‘বিশ্বাস ছিল আমি জ্বলে উঠব’

কাতারের বিদায়ঘণ্টা বাজিয়ে অপেক্ষায় বসনিয়া

আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও তুরস্ক

বিশ্বকাপ থেকে বিদায়ে স্বপ্নভঙ্গ ৭ দলের

বিশ্বকাপেই শেষ হলো মেক্সিকো ফুটবলের ওচোয়া যুগ