হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মেসিময় মাইলফলকের ম্যাচ!

এম. এম. কায়সার

বিশ্বচ্যাম্পিয়নের মতোই শুরু। আধিপত্য, সৌন্দর্য আর অনবদ্য ফুটবলের প্রদর্শনী। কানসাস সিটির মাঠে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আর জয়ের নায়ক কে? সেই চিরচেনা লিওনেল মেসি।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার দুর্দান্ত হ্যাটট্রিক করে এক রাতেই ছুঁয়েছেন একের পর এক ঐতিহাসিক মাইলফলক। বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১৬-তে নিয়ে গিয়ে স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সর্বোচ্চ গোলের রেকর্ড। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে পাঁচটি ভিন্ন আসরে গোল করার কীর্তিতে নাম লিখিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে। ক্লাব এবং আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন অনেক। তবে বিশ্বকাপে হ্যাটট্রিকের নজির এটাই তার প্রথম।

ম্যাচের শুরু থেকেই ছিল মেসির ছাপ। ষষ্ঠ মিনিটেই বাম পায়ের জাদুতে গোল করেছিলেন, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। অবশেষে ১৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। রদ্রিগো ডি পলের বাড়ানো বল বক্সের ঠিক বাইরে থেকে নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২৫ গজ দুর থেকে দুর্দান্ত এক বাঁ-পায়ের শটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানেকে পরাস্ত করেন মেসি। স্টেডিয়ামজুড়ে তখন একটাই চিৎকার মেসি, মেসি, মেসি!

প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করলেও দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ছন্দ হারায় আর্জেন্টিনা। তবে বড় খেলোয়াড়রা বড় মুহূর্তেই নিজেদের চেনান। আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের জোরালো শট ঠেকিয়ে দেন। তবে বল হাতে রাখতে পারেননি। হাতে ডিফ্লেকটেড হয়ে বল সামনে পড়ে। জায়গা মতো সেখানে দাড়িয়ে ছিলেন মেসি। ফিরতি বলে বলে 'ফক্স ইন দ্য বক্স'-এর মতো দ্বিতীয় গোলটি করেন মেসি। আলতে ভঙ্গিতে পায়ের ছোঁয়ায় তার দ্বিতীয় এই গোল ম্যাচে আর্জেন্টিনার লিড দ্বিগুন করে।

ম্যাচের শেষদিকে নিখুঁত ফিনিশে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে গোলসংখ্যা দাঁড়াল ১৬। বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের পাশে উঠে এলেন তিনি। এখন শুধু একটি গোলই তাকে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়ে দিতে পারে। নিশ্চিত থাকতে পারেন সেই রেকর্ডটা তৈরি হচ্ছে পরের ম্যাচেই।
তবে রেকর্ডের তালিকা এখানেই শেষ নয়।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। ফুটবল ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি এই অনন্য মাইলফলক স্পর্শ করলেন। তার আগে এই কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (২২৮ ম্যাচ) এবং কুয়েতের বাদের আল-মুতাওয়া (২০২ ম্যাচ)।

এছাড়া বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ আসর। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার রেকর্ডও এখন তার দখলে। বৃহস্পতিবার পর্তুগালের হয়ে মাঠে নামলে এই রেকর্ডে মেসির পাশে নাম লেখাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ব্যক্তিগত সব অর্জনের মাঝেও সবচেয়ে স্বস্তির বিষয়, আর্জেন্টিনা খেলেছে চ্যাম্পিয়নসুলভ ফুটবল। বলের দখল, আক্রমণের ধার, মাঝমাঠের নিয়ন্ত্রণ—সবকিছুতেই আলজেরিয়াকে ছাপিয়ে গেছে লিওনেল স্কালোনির দল।
আলজেরিয়ার জন্য এটি ছিল বিশ্বফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কঠিন এক শিক্ষাসফরের ম্যাচ! আর আর্জেন্টিনা জানিয়ে দিল, তারা শুধু বর্তমান বিশ্বচ্যাম্পিয়নই নয়, ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলও কেন?

এই ম্যাচের পর আর্জেন্টিনার স্বপ্নটা আরো সবুজ- বিশ্বকাপ আরেকবার ঘরে আসছে!

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’