হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

নকআউটের আগে ‘বেঞ্চ টেস্টে’ আর্জেন্টিনার, বিশ্রামে থাকতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থানও নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচকে এখন পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের একাদশে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। কানসাসে মঙ্গলবারের অনুশীলনেও সেই ইঙ্গিত মিলেছে। অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা খেলোয়াড়রা মাঠে অনুশীলন না করে জিমে পুনরুদ্ধারমূলক কার্যক্রমে অংশ নেন। অন্যদিকে যারা কম খেলেছেন কিংবা সুযোগ পাননি, তাদের নিয়ে আলাদা সেশন পরিচালনা করা হয়।

হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো এবং নিকোলাস ওতামেন্দির মতো ফুটবলারদের জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

অস্ট্রিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনিও রদবদলের ইঙ্গিত দেন, “পয়েন্ট টেবিলের অবস্থান এখন আমাদের জন্য কোনো চাপ তৈরি করছে না। প্রথম লক্ষ্য ছিল প্রথম দুই ম্যাচ জেতা, আমরা তা করতে পেরেছি। এখন পরিস্থিতি বিশ্লেষণ করব। যারা খেলার জন্য অপেক্ষা করছে এবং সুযোগ পাওয়ার যোগ্য, তাদের মাঠে নামানোর কথা ভাবছি।”

সবচেয়ে বড় আলোচনার বিষয় অবশ্য লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া আর্জেন্টাইন অধিনায়ক সাধারণত বিশ্রাম নিতে পছন্দ করেন না। তবে সামনে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাকে ঝুঁকির বাইরে রাখতে চাইছেন স্কালোনি। মেসি না খেললে তার জায়গায় সুযোগ পেতে পারেন তরুণ নিকোলাস পাজ। মধ্যমাঠের প্রাণভোমরা রদ্রিগো দি পলকেও অনুশীলনে হালকা মেজাজে দেখা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে তাকেও বিশ্রাম দেওয়া হতে পারে।

এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর অবস্থা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তার চোটের মাত্রা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং জর্ডানের বিপক্ষে তাকে না দেখার সম্ভাবনাই বেশি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বিশ্রাম পেতে পারেন। সেক্ষেত্রে পোস্টের নিচে দেখা যেতে পারে জেরোনিমো রুলিকে।

নকআউটের আগে তাই জর্ডানের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং স্কোয়াডের গভীরতা যাচাইয়েরও গুরুত্বপূর্ণ সুযোগ।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ/জেরোনিমো রুলি; গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্টিন বার্কো; লিওনেল মেসি/নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।

রেফারি কফি খাচ্ছিলেন, তাই পেনাল্টি পায়নি ঘানা!

শীর্ষস্থানের লড়াইয়ে নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

নকআউটের লড়াইয়ে মরক্কোর সামনে হাইতি

নির্ভার মেক্সিকোর মুখোমুখি চেক প্রজাতন্ত্র

মুখ ঢেকেও লাল কার্ড নয়, বেলিংহামের ঘটনায় ব্যাখ্যা ফিফার

ব্রাজিলের চোখ নকআউটে, স্কটল্যান্ডের দৃষ্টি ইতিহাসে

কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে টপকে নকআউটে কলম্বিয়া

গোল্ডেন বুটের দৌড়ে তিন সুপারস্টার

নকআউট পর্বে টিকিটের লড়াইয়ে দ. আফ্রিকা-দ. কোরিয়া

রঙিন রোনালদো, পর্তুগালের গোলোৎসব