হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপ খেলে দেশে ফিরেই ‘না ফেরার দেশে’ দক্ষিণ আফ্রিকার ফুটবলার

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেছেন দেশটির জাতীয় দলের মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।

শনিবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার কেপটাউনের স্কটশেকলুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে সেটি জেইডেন অ্যাডামসের বলে নিশ্চিত করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, “জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। আমরা তার পরিবার, সতীর্থ এবং সমর্থকদের সঙ্গে শোকাহত।”

তিনি আরও অনুরোধ করেন, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার আগে এ নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা না করতে এবং অ্যাডামসের পরিবার ও ক্লাবকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার আহ্বান জানান।

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। দলটি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে। তবে শেষ ষোলোয় স্বাগতিক কানাডার কাছে হেরে বিদায় নেয় তারা।

বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই নিজের দাদিকে হারিয়েছিলেন অ্যাডামস। তবু ব্যক্তিগত শোককে পাশে রেখে মাঠে নেমে দেশের হয়ে খেলেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, “জেইডেন মাত্র কয়েক সপ্তাহ আগেই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যু পরিবার, সতীর্থ, ক্লাব এবং পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি।”

ক্লাব ক্যারিয়ারে স্টেলেনবস এফসিতে যাত্রা শুরু করেন অ্যাডামস। ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মামেলোদি সানডাউন্সে। সেখানে লিগ শিরোপা ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। এছাড়া ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা দলেও ছিলেন তিনি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও শোক প্রকাশ করে বলেন, “বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক অভিযানের কয়েক সপ্তাহ পরই জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। ফিফা এবং বিশ্ব ফুটবল পরিবারের পক্ষ থেকে তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

কেন পেনাল্টি মিস করছেন মেসি-কেইন-এমবাপ্পেরা

জন্মভূমির কাছে পরাস্ত বুয়াদ্দিদের শিকড়

ভোজিনহার নামে নতুন শামুকের নামকরণ

ফাইনালে মেসির আর্জেন্টিনাকে চান ইয়ামাল

সোনালি প্রজন্মের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ

স্পেন-বেলজিয়াম ম্যাচে মেরিনো-ইয়ামালদের যত রেকর্ড

বিশ্বকাপে রেফারিদের প্রশংসায় লিসান্দ্রো মার্টিনেজ

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ঘাস বেচে ফিফার আয় ১৩৫ কোটি টাকা!

বিশ্বকাপে ‘স্যাবোটেজের’ শিকার রোনালদো!