লিওনেল মেসি যেন বিশ্বকাপের মঞ্চকেই নিজের সবচেয়ে প্রিয় আসর বানিয়ে ফেলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টানা ১০টি ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে অবিশ্বাস্য এক ধারাবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২২ বিশ্বকাপে শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি নকআউট ম্যাচেই সরাসরি গোলে অবদান ছিল মেসির। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গোল করার পর নেদারল্যান্ডসের বিপক্ষে করেন এক গোল ও এক অ্যাসিস্ট। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও ছিল এক গোল ও এক অ্যাসিস্ট। আর ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালে দুটি গোলের পাশাপাশি টাইব্রেকারেও সফল হয়ে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন।
চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে একটি গোল, কেপ ভার্দের বিপক্ষে আরেকটি গোল এবং মিশরের বিপক্ষে এক গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেন তিনি।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজে গোল না পেলেও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে একমাত্র অ্যাসিস্টটি আসে তাঁর কর্নার থেকেই। সেই ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সব মিলিয়ে টানা ১০টি বিশ্বকাপ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করে মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তাঁর প্রভাব এখনো অটুট। সামনে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও এই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য থাকবে বিশ্বকাপজয়ী অধিনায়কের।