হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মেসিদের ১-০ গোলে হারানোর হুঙ্কার

কেপ ভার্দে প্রেসিডেন্টের আত্মবিশ্বাসী চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপের মঞ্চে রূপকথার গল্প যেন লিখে চলেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই পুরো ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই মেগা ইভেন্টের নকআউটে (শেষ ৩২) উঠে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে তারা। তবে এবার তাদের সামনে দাঁড়িয়ে এক পর্বতসমান চ্যালেঞ্জ—প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই শনিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা এখন তুঙ্গে, যা স্পর্শ করেছে কেপ ভার্দের সর্বোচ্চ পর্যায়কেও। দলের দুর্দান্ত ফর্মে থাকা ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রেখে খোদ কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ ব্যবধানে হারানোর এক সাহসী হুঙ্কার দিয়েছেন।

এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমরা ১-০ গোলে জিতব।’

গ্রুপ পর্বে উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবের মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে কোচ বুবিস্তার শিষ্যরা। কঠিন সেই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের এই ম্যাচে হারানোর কিছু নেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে নিজেদের প্রথম বিশ্বকাপ আসরকে আরও স্মরণীয় করে রাখতে চায় আফ্রিকার এই চমক জাগানো দলটি।

আর্জেন্টিনাকে হারানোর তীব্র আকাঙ্ক্ষা থাকলেও, প্রতিপক্ষের মহাতারকা লিওনেল মেসির প্রতি শ্রদ্ধাবোধে কোনো কমতি রাখেনি কেপ ভার্দে। ম্যাচ শুরুর আগে দেশটির জাতীয় দলের পক্ষ থেকে মেসিকে একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হবে, যেখানে থাকবে আর্জেন্টাইন অধিনায়কের নাম এবং তার বিখ্যাত ১০ নম্বর। লিওনেল মেসির প্রতি সম্মান জানিয়ে প্রেসিডেন্ট নেভেস বলেন, ‘লিওনেল মেসি একজন মহান ফুটবলার। কেপ ভার্দেতে তাকে অত্যন্ত সম্মান করা হয়। এ দেশের মানুষের কাছে মেসিই বিশ্বের সেরা। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার এবং আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য যেমন অত্যন্ত গর্বের ও সম্মানের, তেমনি আমাদের জাতীয় দলের জন্য এটি এক বিশাল অর্জন।’

মেসির প্রতি এই অগাধ শ্রদ্ধা থাকলেও মাঠের লড়াইয়ে এক চুলও ছাড় দিতে নারাজ কেপ ভার্দে। ছয় লাখেরও কম জনসংখ্যার দেশটি এখন তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা ও রোমাঞ্চের সামনে দাঁড়িয়ে। ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪ জুলাইয়ের সেই মাহেন্দ্রক্ষণের, যেখানে একপাশে থাকবে বিশ্বসেরা মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর অন্যপাশে ইতিহাস গড়ার স্বপ্ন চোখে নিয়ে নামা লড়াকু কেপ ভার্দে।

অধিনায়ক হ্যারি কেনের জাদুকরি গোলে জিতল ইংল্যান্ড

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

বিশ্বমঞ্চে হ্যালান্ড-ঝড়, হুমকির মুখে রোনালদোর বিশ্বরেকর্ড!

রোনালদো-ফেলিক্সের বোঝাপড়া, ক্রোয়েশিয়ার নির্ভীক বার্তা

আর্জেন্টিনা ছাড়া ফ্রান্সকে ঠেকানোর মতো কেউ নেই!

ব্রাজিল ম্যাচে হালান্ডকে ‘বিশ্রাম’ নিতে বললেন রদ্রিগো

‘ব্রাজিলের বিপক্ষে খেলব ভাবতেই অবিশ্বাস্য লাগে’

যুক্তরাষ্ট্র-বসনিয়ার টিকে থাকার লড়াই

মেক্সিকোতে জয়ের আনন্দে নেমে এলো শোকের ছায়া

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা