হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

১৫ সেভের ‘কুরাসাও মহাপ্রাচীর’ উপাখ্যান

আরিফুল হক বিজয়

কুরাসাও-ইকুয়েডর ম্যাচের শেষ মিনিটের বাঁশি বাজতেই সবটা আলো গিয়ে পড়ল ৬ ফুট ৩ ইঞ্চি মানুষটার ওপর। ৯০ মিনিট ধরে তিনি থামিয়ে রেখেছিলেন ক্যানসাস সিটির গ্যালারি থেকে পৃথিবীর অজস্র সীমান্তের নিশ্বাস, আটকে দিয়েছিলেন চোখের পলক, বিশ্বকে জানিয়ে দিয়েছেন দেড় লাখ জনসংখ্যার ছোট্ট দেশের ফুটবল ইতিহাসে লেখা হয়ে গেছে ঐতিহাসিক এক উপাখ্যান। না, কুরাসাও জিতেনি, পেয়েছে এক পয়েন্ট। কিন্তু ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত বিশ্বমঞ্চের ইতিহাসে নিজেদের নাম খোদাই করে দিয়েছে। যার পেছনের নায়ক দীর্ঘদেহী এলয় রুম, দলটির গোলপোস্টের অতন্দ্র প্রহরী। রেকর্ড ১৫ সেভে যিনি হয়ে উঠেছিলেন ‘কুরাসাও মহাপ্রাচীর’।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে কুরাসাওয়ের জালে গুনে গুনে ৭ গোল দিয়েছিল জার্মানি। এই রেকর্ডের পর কুরাসাওকে নিয়ে অনেকেরই ধারণা জন্মে গিয়েছিল, বিশ্বকাপে অংশগ্রহণ করতেই বোধহয় এসেছে দ্বীপ রাষ্ট্রটি। কিন্তু ইকুয়েডরকে ৯০ মিনিট গোলবঞ্চিত রেখে রুম জানিয়ে ছিলেন তাদের লক্ষ্য! ম্যাচজুড়ে ১৫টি সেভ করে বিশ্বকাপ ইতিহাসে নিজের পাশে দলের নামও লিখে ফেলেন রুম। অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর ৯০ মিনিটের বিশ্বকাপ ম্যাচে কোনো গোলকিপার এর চেয়ে বেশি সেভ করেননি। অর্থাৎ ১৫টি সেভ করে তিনি বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন।

বিশ্বকাপে এক ম্যাচে ১৫ বা তার বেশি সেভ করার কৃতিত্ব আছে কেবল যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ সালে বেলজিয়ামের বিপক্ষে তিনি ১৬টি সেভ করেছিলেন। তবে সেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল এবং শেষ পর্যন্ত দুটি গোলও হজম করেছিলেন। রুমের বিশেষত্ব হলো, তিনি ৯০ মিনিটেই ১৫টি সেভ করে ক্লিন শিট ধরে রেখেছেন। কুরাসাওয়ের বিশ্বকাপে খেলার পেছনেও তার বড় ভূমিকা রয়েছে। গত নভেম্বরে জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলকে বিশ্বকাপে তুলতে সাহায্য করেছিলেন।

রুমের এই বীরত্ব চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে। বিবিসির বিশ্লেষক ও সাবেক আর্সেনাল ডিফেন্ডার মার্টিন কিওন যেমন বলছিলেন, ‘শেষ দিকে তার সেভের সংখ্যা গুনতে ক্যালকুলেটর নেওয়ার উপক্রম হয়েছিল। একের পর এক সেভের তালিকা লেখার মতো অবস্থা হয়েছিল। তার সেভগুলো ছিল সেরা। ম্যাচজুড়েই মনে হচ্ছিল সে ক্লিন শিট নিয়েই মাঠ ছাড়বে।’

নেদারল্যান্ডসের নাইমেখেনে জন্ম নেওয়া রুম দীর্ঘদিন ডাচ লিগে খেলেছেন। পিএসভি আইন্দহোভেনের হয়ে লিগ শিরোপা এবং ভিতেসের হয়ে কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে কলম্বাস ক্রুর হয়ে এমএলএস কাপও জিতেছেন। মজার বিষয় হলো, চলতি মৌসুমে মায়ামি এফসির হয়ে কোনো ম্যাচে পাঁচটির বেশি সেভ করতে হয়নি তাকে। কিন্তু বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এসে তিনি ইকুয়েডরের ২৭টি শটের মধ্যে ১৫টিই ঠেকিয়ে দিয়েছেন!

ম্যাচ শেষে আবেগঘন রুম বলেন, ‘আমি এখনো সবকিছু ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। প্রথম সেভটি আমাকে এবং দলকে আত্মবিশ্বাস দিয়েছে। এরপর আমরা সবাই ভালো খেলেছি। এটি পুরো দলের প্রচেষ্টার ফল।’

মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে আসরে অংশ নিয়েছে। ফিফা র‌্যাংকিংয়ে ৮২ নম্বরে থাকা দলটি ইকুয়েডরের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস গড়েছে। সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার মার্টিন কিওন এই ড্রকে ‘জয়ের সমান’ বলে অভিহিত করে বলেন, ‘কুরাসাও শুধু অংশ নিতে আসেনি। তারা দেখিয়েছে, বিশ্ব ফুটবলে জায়গা করে নেওয়ার ক্ষমতা তাদের আছে।’

গ্রুপের শেষ ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে কুরাসাও। নকআউটে ওঠার সমীকরণ কঠিন হলেও ইকুয়েডরের বিপক্ষে এই ঐতিহাসিক ড্র কুরাসাওয়ের ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়েই থাকবে। আর স্মরণীয় হয়ে থাকবে রুমের কীর্তি। ম্যাচ শেষে হাসতে হাসতে যেমনটা বলছিলেন কুরাসাওয়ের বিশ্বকাপ ইতিহাসের প্রথম এক পয়েন্টের নায়ক, ‘মনে হয় কুরাসাওয়ে আমার একটা ভাস্কর্য বানানো উচিত।’

রুম মজা করে বললেও ১ লাখ ৫৬ হাজার মানুষের মনে তার ভাস্কর্য হয়ে গেছে নিশ্চিত!

রোনালদো-মেসির বুটে কেন সোনালি আভা?

পেলের পথ ধরে ৬৮ বছর পর বিশ্বকাপে বিরল কীর্তি ইয়ামালের

সুপার-সাব উনদাভ যেন সুপারম্যান!

ফুটবল ছেড়ে হাফেজে ইমাম হওয়ার স্বপ্ন মাজরাউইর

রোনালদো ভক্তের কণ্ঠে মেসির জয়গান

সালাহর জাদুতে বিশ্বকাপে প্রথম জয়ে শীর্ষে মিশর

স্পেনের পর উরুগুয়েকেও থামিয়ে লড়াই জমাল কেপ ভার্দে

অস্ট্রিয়া জানে আর্জেন্টিনা আজ আসছে ধেয়ে

বেলজিয়ামকে রুখে দিয়ে গ্রুপের শীর্ষে ইরান

এটি হবে গোল উৎসবের বিশ্বকাপ