বিশ্বকাপের নকআউট ম্যাচে আগামী ৪ জুলাই ভোর ৪টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা মাঠে নামবে ইতিহাস গড়ে ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হওয়া কেপ ভার্দের বিপক্ষে। আপাতদৃষ্টিতে প্রতিপক্ষকে সহজ মনে হলেও, মাঠের লড়াইয়ে নামার আগে কোনো রকম আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বরং প্রতিপক্ষকে সমীহ করে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তিনি।
গ্রুপপর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে কেপ ভার্দে। যা দেখে স্কালোনি আসন্ন ম্যাচটিকে অত্যন্ত কঠিন বলে মনে করছেন। প্রতিপক্ষ দলটির প্রশংসা করে বলেন, ‘ওরা ভালো দল, গ্রুপপর্বে তিন প্রতিপক্ষের জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আমাদের জন্যও সমস্যা তৈরি করবে।’
অভিষিক্ত প্রতিপক্ষ কেপ ভার্দে নিয়ে কেন এত সতর্ক, তার ব্যাখ্যায় স্কালোনি বলেন, ‘কারণ তারা ইতোমধ্যে স্পেনের মতো অন্যতম ফেভারিট দল, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষেও কঠিন লড়াই করেছে। এই বিশ্বকাপে আমরা যেসব বিষয় দেখছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির দল, মানসম্পন্ন এবং ভালো একটি দল।’
এদিকে দলের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও কথা বলেছেন স্কালোনি। গত ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন মেসি। স্কালোনি জানান, মেসি চাইলে পুরো ৯০ মিনিট খেলে প্রতিপক্ষকে চাপে ফেলে নিজের ব্যক্তিগত রেকর্ডের সংখ্যা আরো বাড়িয়ে নিতে পারতেন। কিন্তু সতীর্থদের মাঠে বেশি সময় দেওয়ার স্বার্থে নিজে বেঞ্চে কাটানো বেছে নেন। কোচ বলেন, ‘মেসি ৯০ মিনিট খেলতে পারত এবং প্রতিপক্ষকে ছোট না করেও নিজের সেই কিংবদন্তি সত্তাকে আরো বড় করতে পারত। কিন্তু সে চেয়েছে তার সতীর্থরা আরো বেশি সময় খেলুক এবং আসন্ন ম্যাচ নিয়ে ভাবুক। এটাই বলে দিচ্ছে মানুষ যে পরিসংখ্যান নিয়ে কথা বলে, এ নিয়ে মেসি চিন্তাই করে না।’
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। যেখানে আবহাওয়া এখন বেশ গরম। মাঠের বাইরের এই অদৃশ্য প্রতিপক্ষকে নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা খুব গরম আবহাওয়ায় খেলতে যাচ্ছি, এমন সময়সূচিতে তা মানিয়ে নেওয়া কঠিন। তবে সবাই যেহেতু একই পরিস্থিতিতে খেলেছে, তাই আমাদের অভিযোগ করার সুযোগ নেই।’