হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

নজরুল ইসলাম

শেষ বাঁশি বাজতেই হিউস্টনের এনআরজি স্টেডিয়ামজুড়ে যেন আছড়ে পড়ল হলুদ ঢেউ। দর্শকদের গগনবিদারী চিৎকারে তখন প্রকম্পিত চারপাশ। শেষ বত্রিশ পর্বের লড়াই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন এক পসলা স্বস্তি নেমে এলো সেলেসাও শিবিরে। ডাগআউটে দাঁড়িয়ে থাকা কোচ কার্লো আনচেলত্তি যেন স্থির- কিন্তু তারপরও তার ভেতরে বয়ে যাচ্ছিল আনন্দের ঝড়। আর একটু দূরে দুই হাত ছড়িয়ে স্তব্ধ দাঁড়িয়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি—যেন নিজের করা অবিশ্বাস্য কীর্তি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না! জাপানকে ২-১ গোলে হারিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে জায়গা করে নিয়েছে ফুটবল মহাযজ্ঞের শেষ ষোলোয়। বিশ্বমঞ্চে পরে নাটক মঞ্চস্থ হয়েছে আরো দুটি। টাইব্রেকারে ফেভারিট জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে নকআউটের পরের পর্বের টিকিট কেটেছে প্যারাগুয়ে। গতকাল সকালের ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ গোলে হারিয়ে নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে চমক দেখিয়েছে মরক্কোও। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে অঘটনের দুটি ম্যাচই ছিল ১-১ গোলে অমীমাংসিত।

নব্বই মিনিটের রুদ্ধশ্বাস নাটক শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯৬ মিনিট) ইতিহাস লিখলেন মার্তিনেল্লি। ব্রুনো গিমারাইসের পাস থেকে বল পেয়ে ডান পোস্টের ভেতর দিক ঘেঁষে বল জালে জড়ান এই আর্সেনাল ফরোয়ার্ড। জাপানি গোলরক্ষক জিওন সুজুকির সব চেষ্টা ব্যর্থ করে ব্রাজিল পায় ২-১ গোলের নাটকীয় জয়, যা তাদের টিকিয়ে রাখল বিশ্বকাপের মঞ্চে।

অথচ ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ২৯ মিনিটে দানিলোর ভুল পাসের সুযোগ নিয়ে মাঝমাঠ থেকে বল কেড়ে নেন জাপানের কাইশু সানো। কাসেমিরোকে বোকা বানিয়ে প্রায় ২০ গজ দূর থেকে দূরপাল্লার এক শটে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন তিনি। জাতীয় দলের হয়ে সানোর এই প্রথম গোলটি হিউস্টনকে মুহূর্তেই বানিয়ে দেয় টোকিও।

তবে ব্রাজিলের ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। ম্যাচের ৪২ মিনিটে মার্তিনেল্লির ভাসানো ক্রস থেকে দুর্দান্ত এক হেডে সমতা ফেরান অভিজ্ঞ ক্যাসেমিরো। সমতায় ফেরে সেলেসাওরা। ৩৪ বছর ১২৬ দিন বয়সে করা এই গোলের মাধ্যমে ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি।

ব্রাজিলের বিজয়োল্লাসের পর বিশ্বকাপে প্রথম বড় অঘটনের শিকার হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বোস্টন স্টেডিয়ামে রাউন্ড অব থার্টি টু-এর রোমাঞ্চকর ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে তারা। ম্যাচের শুরু থেকে বল দখলে জার্মানি এগিয়ে থাকলেও, ৪২ মিনিটে হুলিও এনসিসোর গোলে আকস্মিক লিড পায় প্যারাগুয়ে। তবে ৫৪ মিনিটে কাই হাভার্টজের চমৎকার হেডে সমতায় ফেরে জার্মানি। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিট শেষেও ১–১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি করে শট ৩–৩ সমতায় শেষ হলে খেলা পৌঁছায় সাডেন ডেথে। সাডেন ডেথে জার্মানির জনাথন টাহ বল উড়িয়ে মেরে সুযোগ হাতছাড়া করলেও, প্যারাগুয়ের হোসে কানালে কোনো ভুল করেননি। দারুণ এই জয়ে জার্মানিকে স্তব্ধ করে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে।

বোস্টনে জার্মানি–প্যারাগুয়ে ম্যাচের নাটকীয়তার ছায়া যেন দেখা গেল মন্তেরেইয়ের নেদারল্যান্ডস–মরক্কো ম্যাচেও। নির্ধারিত সময়ে ১–১ গোলের ড্রয়ের পর অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অবিশ্বাস্য মিসের মহড়া শেষে নেদারল্যান্ডসকে ৩–২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করে মরক্কো।

ম্যাচের ৭২ মিনিটে অনাগত সন্তান হারানোর গভীর শোক বুকে চেপে কোডি গাকপো গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন। হাঁটু মুড়ে বসে গাকপোর আবেগঘন গোল উদ্‌যাপনে শামিল হন ডাচ সতীর্থরাও।

তবে নাটকের তখনও বাকি ছিল। যোগ করা সময়ে মরক্কোর শেমসদিন তালবির ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। তার চেয়েও উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে সমতা ফেরান মরক্কোর ইসা দিওপ। স্তব্ধ হয়ে যায় ডাচ শিবির। শেষ পর্যন্ত স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে জয় ছিনিয়ে নেয় মরক্কো, আর হৃদয়ভঙ্গ হয় নেদারল্যান্ডসের।

টাইব্রেকারে প্রথম শটে জাল কাঁপান নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শট মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতা এনে দেন মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয়বার জালে বল জড়ায় নেদারল্যান্ডসও- কাজটি করেন ভাউট ভেগহোর্স্ট। শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের হয়ে বাইরে শট পাঠিয়ে দেন কুইন্টেন টিম্বার্স। পরে বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে নিজেদের পঞ্চম ও শেষ শটে ইসমায়েল সাইবারি নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে ওঠেন।

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা

ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে: অ্যালিসন