২০২৬ বিশ্বকাপে ইতিহাসের নতুন অধ্যায় লিখেছে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে এসে প্রথমবারই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেই শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। তবে ইতিহাস গড়ার পুরস্কার হিসেবে এবার তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ০-০ ব্যবধানে ড্র করে কেপ ভার্দে। একই সময়ে স্পেন ১-০ গোলে হারায় উরুগুয়েকে। ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অন্যদিকে টানা তিনটি ড্র থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্দে।
গ্রুপে ২ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে উরুগুয়ে ও সৌদি আরব। বিশেষ করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এটি ছিল হতাশাজনক এক অভিযান। তিন ম্যাচ খেলেও একটি জয় তুলে নিতে পারেনি তারা। কেপ ভার্দের বিপক্ষে ড্র এবং স্পেনের কাছে পরাজয়ই শেষ পর্যন্ত তাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে আর্জেন্টিনা আগেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা—এটি আগেই নির্ধারিত ছিল। শেষ পর্যন্ত সেই প্রতিপক্ষ হলো বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে।
৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের এটিই হবে প্রথম সাক্ষাৎ। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের রূপকথার যাত্রা আরও দীর্ঘ করার চ্যালেঞ্জে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।
কেপ ভার্দেকে হারাতে পারলে আর্জেন্টিনা জায়গা করে নেবে শেষ ষোলোতে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘ডি’ ও ‘জি’ গ্রুপের রানার্সআপদের মধ্যকার নকআউট ম্যাচের বিজয়ী।
এরই মধ্যে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে ‘জি’ গ্রুপের দ্বিতীয় দল এখনও নির্ধারিত হয়নি। বেলজিয়াম, ইরান, মিসর কিংবা নিউজিল্যান্ড—এই চার দলের যেকোনো একটি হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ। অবশ্য সেই সমীকরণে যাওয়ার আগে মেসিদের প্রথম বাধা কেপ ভার্দে।
বিশ্বকাপে অভিষেকেই নকআউটে ওঠার বিরল কীর্তি গড়ে কেপ ভার্দে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে। এবার দেখার বিষয়, রূপকথার এই যাত্রা তারা আর্জেন্টিনার মতো পরাশক্তির বিপক্ষেও অব্যাহত রাখতে পারে কি না।