হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মুখ ঢেকেও লাল কার্ড নয়, বেলিংহামের ঘটনায় ব্যাখ্যা ফিফার

স্পোর্টস ডেস্ক

ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে জুড বেলিংহামকে ঘিরে। মাঠে মুখ ঢেকে কথা বলার পরও কেন লাল কার্ড দেখেননি ইংলিশ মিডফিল্ডার—সেই প্রশ্নই এখন ফুটবল অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু।

বোস্টনে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার সময় ঘানার ডাগআউটের সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বেলিংহাম। পরিস্থিতি সামাল দিতে সতীর্থ মর্গান রজার্সকে এগিয়ে এসে তাকে সরিয়ে নিতে হয়। একপর্যায়ে ঘানার কোচ কার্লোস কুইরোজের সঙ্গেও তাকে তর্ক করতে দেখা যায়।

তবে বিতর্কের বড় কারণ ছিল ঘানার ফরোয়ার্ড জর্ডান আইউর সঙ্গে বেলিংহামের একটি মুহূর্ত। কথা বলার সময় তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। চলতি বিশ্বকাপেই ফিফা এমন আচরণ নিয়ে নতুন নির্দেশনা চালু করেছে, যার আওতায় নির্দিষ্ট পরিস্থিতিতে সরাসরি লাল কার্ড দেখানোর সুযোগ রয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি উত্তপ্ত বা বিরোধপূর্ণ পরিস্থিতিতে নিজের মুখ ঢেকে কথা বলেন, তাহলে রেফারি সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করতে পারেন। এই নিয়মে প্রথম লাল কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলার ঘটনায় ভিএআরের সহায়তায় তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল।

তাহলে বেলিংহাম কেন শাস্তি পেলেন না?

এর কারণ, জর্ডান আইউর সঙ্গে তার কথোপকথনটি উত্তপ্ত বা মারমুখী ছিল না বলে ম্যাচ কর্মকর্তারা মনে করেছেন। ফলে ঘটনাটি নতুন নিয়মের আওতায় পড়েনি।

বিশ্বকাপ শুরুর আগে নিয়মটির ব্যাখ্যা দিতে গিয়ে ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা বলেছিলেন, খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথোপকথনে মুখ ঢেকে কথা বলা কোনো সমস্যা নয়। তবে বিরোধপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢাকার অর্থ হতে পারে আপত্তিকর বা অগ্রহণযোগ্য কিছু বলা হচ্ছে, আর সেক্ষেত্রে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে।

এদিকে ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও ঘানার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঘানা। গোল ব্যবধানেই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে শনিবার পানামার মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।

ব্রাজিলের চোখ নকআউটে, স্কটল্যান্ডের দৃষ্টি ইতিহাসে

কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে টপকে নকআউটে কলম্বিয়া

গোল্ডেন বুটের দৌড়ে তিন সুপারস্টার

নকআউট পর্বে টিকিটের লড়াইয়ে দ. আফ্রিকা-দ. কোরিয়া

রঙিন রোনালদো, পর্তুগালের গোলোৎসব

‘আমাকে তো অবসরপ্রাপ্তই বানিয়ে ফেলেছিল’

মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করে টিকে রইল ক্রোয়েশিয়া

ঘানার দেয়ালে আটকে গেল ইংল্যান্ড

পেনাল্টি মিসের রাগকে গোল বানালেন মেসি

অবসরের বেদনা থেকে অমরত্বের শিখরে ‘ক্ষুদে জাদুকর’