হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

২০৩৮ বিশ্বকাপের একক আয়োজক হবে যুক্তরাষ্ট্র!

স্পোর্টস ডেস্ক

এবারের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো ও কানাডা হলেও মূল আয়োজক কিন্তু যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের ১০৪ ম্যাচের মধ্যে রেকর্ড ৭৮ ম্যাচই হচ্ছে মার্কিন মুলুকে। দর্শক টিকিটের আকাশচুম্বী দাম এবং ভিসা জটিলতা নিয়ে নানামুখী বিতর্ক থাকলেও মাঠের ফুটবলের জোয়ারে ভেসে যাচ্ছে পুরো দেশ। তবে এই ফুটবল মহাযজ্ঞ শেষ হওয়ার আগেই ফুটবল দুনিয়াকে নতুন এক চমকপ্রদ বার্তা দিল যুক্তরাষ্ট্র। ২০৩৮ সালের ফুটবল বিশ্বকাপ এককভাবে নিজেদের মাটিতে আয়োজনের মহাপরিকল্পনা করছে তারা।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানো সম্প্রতি বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এ ইঙ্গিত দিয়েছেন। চলতি আসরে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হলেও ফিফা ২০৩০ সালের মধ্যে এই পরিধি আরো বাড়িয়ে ৬৪ দল করার কথা ভাবছে। গিলিয়ানোর দাবি, এত বড় কলেবরের বিশ্বকাপ সামলানোর জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে উপযুক্ত দেশ আর হতেই পারে না। তিনি বলেন, ‘ভবিষ্যতে বিশ্বকাপ যদি ৬৪ দলেরও হয়, তা সফলভাবে সম্পন্ন করার সামর্থ্য যুক্তরাষ্ট্রেরই আছে। তবে ২০৩৮ সালের বিড নিয়ে মাতামাতি করার আগে আমরা চলমান বিশ্বকাপটা নির্বিঘ্নে শেষ করতে চাই।’
ভবিষ্যৎ বিশ্বকাপের ভেন্যুগুলোর দিকে তাকালে দেখা যায়, ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষপূর্তি উপলক্ষে এ আসরের প্রথম তিনটি ম্যাচ হবে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। আর ২০৩৪ সালের বিশ্বকাপের একক আয়োজক হিসেবে চূড়ান্ত হয়েছে সৌদি আরব। ফলে ২০৩৮ সালের বিশ্বকাপই হবে পরবর্তী টুর্নামেন্ট, যার জন্য নতুন করে বিডিং প্রক্রিয়া শুরু হবে।
ব্যবসায়িকভাবে যুক্তরাষ্ট্রের বাজার ফিফার জন্য অত্যন্ত লোভনীয়। আর সে কারণেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংস্থার আইন বিভাগ সুইজারল্যান্ডের জুরিখ থেকে ফ্লোরিডায় সরিয়ে নিয়েছেন। অন্যদিকে অন্যান্য দেশের মতো হাজার কোটি ডলার খরচ করে নতুন স্টেডিয়াম বানাতে হচ্ছে না যুক্তরাষ্ট্রকে। আগে থেকে তৈরি থাকা উন্নত অবকাঠামোর কারণে মাত্র কয়েক বিলিয়ন ডলার খরচ করেই এ টুর্নামেন্ট নামিয়ে দিচ্ছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং মাঠে আসা ফুটবল ভক্তদের ইতিবাচক সাড়া প্রমাণ করে যে, মার্কিন আতিথেয়তা ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে। সব মিলিয়ে এক যুগের মধ্যে আবারও এককভাবে ফুটবলের সবচেয়ে বড় আসর নিজেদের মাটিতে ফিরিয়ে আনার সব প্রস্তুতি এখনই শুরু করে দিয়েছে মার্কিন প্রশাসন।

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ

মধ্যনগরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাবির মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

কুয়াকাটায় এক ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ফিলিস্তিনে কার্যক্রম চালিয়ে যাবে ইউএনআরডব্লিউএর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল