ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়ে গোল করে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করলেন জুড বেলিংহাম। ম্যাচের আগে তার জায়গা নিয়ে যত প্রশ্নই উঠুক না কেন, বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স দিয়েই সব জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন, আর একটি করে গোল করেন জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ড।
ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বড় আলোচনা ছিল আক্রমণভাগের পেছনের ‘দশ নম্বর’ পজিশন নিয়ে। কোচ টমাস টুখেল জুড বেলিংহামের পরিবর্তে মরগান রজার্সকে খেলাবেন কি না, তা নিয়ে ছিল জোর আলোচনা। তবে শেষ পর্যন্ত আস্থা রাখা হয় বেলিংহামের ওপর, আর তিনি সেই আস্থার মর্যাদাও দেন।
প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হওয়ার পর বিরতি থেকে ফিরে ৪৮তম মিনিটে গোল করে ইংল্যান্ডকে আবারও এগিয়ে দেন বেলিংহাম। সেই গোলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে আরও একটি গোল যোগ করে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বেলিংহাম বলেন, সমালোচনা ও নানা গুঞ্জনের মাঝেও দেশের জন্য নিজের সামর্থ্য দেখাতে পেরে তিনি আনন্দিত, “দেশের হয়ে খেলতে পারা আমার জন্য বিশাল সম্মানের। বাইরের সমালোচনা বা আলোচনা যাই হোক না কেন, দেশের হয়ে অবদান রাখার অনুভূতি কখনো বদলাবে না।”
২০২৫-২৬ মৌসুমে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছিলেন বেলিংহাম। রিয়াল মাদ্রিদের শিরোপাহীন মৌসুম এবং তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছিল। ফলে জাতীয় দলেও তার জায়গা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল করে সেই সমালোচনার জবাব দিয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। নিজেকে প্রমাণের বাড়তি তাগিদ ছিল কি না জানতে চাইলে হাসতে হাসতেই তিনি বলেন, “অবশ্যই ছিল। নিজেকে প্রমাণ করার ক্ষুধা সবসময়ই আমার মধ্যে কাজ করে।”
সমালোচকদের প্রতিও কোনো ক্ষোভ নেই বলে জানান বেলিংহাম। তার ভাষায়, “কখনো কখনো সমালোচনা প্রাপ্যও হয়। কিন্তু আজকের দিনটা বিশেষ, কারণ আমি সবাইকে মনে করিয়ে দিতে পেরেছি আমি কী করতে পারি।”
চার বছর আগে কাতার বিশ্বকাপে ইরানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচেও গোল করেছিলেন বেলিংহাম। ২০২৬ বিশ্বকাপেও প্রথম ম্যাচে গোল করে সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।
বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে ঘানার মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রথম ম্যাচের জয় শেষে ‘এল’ গ্রুপের শীর্ষেই রয়েছে টমাস টুখেলের দল।