সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগেও আর্জেন্টিনাকে ঘিরে শেষ ষোলোর মিসর ম্যাচে ওঠা রেফারিং বিতর্কও ছিল। সংবাদ সম্মেলনে সেই অভিযোগের মুখোমুখি হয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বর্তমান ফুটবলে কোনো দলের জন্য বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই।
মিসরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার পক্ষে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। তবে স্কালোনি মনে করেন, এমন অভিযোগ নতুন কিছু নয়।
তিনি বলেন, “১৯৮৬ বিশ্বকাপেও বলা হয়েছিল আমরা বিশেষ সুবিধা পাচ্ছি। তাই এসব নতুন নয়। আর্জেন্টিনা সব সময়ই শক্তিশালী দল ছিল। অনেকেই চায় না আমরা জিতি, আবার অন্য অনেক দল নিয়েও এমনটা হয়। খেলোয়াড়রা বিষয়টি বোঝে, বরং এটাকেই আমরা নিজেদের আরও ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করি।”
রেফারিং বিতর্ক প্রসঙ্গে স্কালোনি জোর দিয়ে বলেন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চালুর পর কোনো দলকে ইচ্ছাকৃতভাবে সুবিধা পাইয়ে দেওয়া প্রায় অসম্ভব। তার ভাষায়, “আজকের দিনে ভিএআরের কারণে কাউকে সাহায্য করা খুব কঠিন। ভিএআরে দ্বৈত ব্যাখ্যার সুযোগ খুবই কম।”
মিসরের বাতিল হওয়া গোল নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন বিশ্বকাপজয়ী এই কোচ। তিনি বলেন, “লিসান্দ্রো মার্টিনেজের পায়ের ওপর পা রাখা হয়েছিল। সেটা সামান্য হোক বা বেশি—ফাউল তো ফাউলই। এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না।”
স্কালোনির দাবি, আর্জেন্টিনাকে ঘিরে যে পক্ষপাতিত্বের অভিযোগ ছড়ানো হচ্ছে, তার বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমের সৃষ্টি। তিনি বলেন, “পক্ষপাতিত্ব বলে কিছু নেই। এগুলো মূলত সোশ্যাল মিডিয়ার গল্প। এখন ছোট একটি বিষয়ও অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। ২০২৬ সালে এসে এত প্রযুক্তির ব্যবহার হচ্ছে যে ফুটবলে কাউকে আলাদা সুবিধা দেওয়ার সুযোগ নেই। নিয়মগুলো পরিষ্কার, বাস্তবতাও সেটাই বলে।”
এটি অবশ্য প্রথমবার নয়। এর আগে কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচের আগেও একই ধরনের প্রশ্নের মুখে পড়েছিলেন স্কালোনি। তখনও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এর একমাত্র সমাধান হলো সোশ্যাল মিডিয়া না পড়া। আপনি যদি না দেখেন, তাহলে এসব নিয়েও ভাবতে হবে না।”
তিনি আরও যোগ করেন, “আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু লিখে দিতে পারে। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। কিন্তু আমরা এসব নিয়ে মোটেও ভাবছি না।”
শেষ ষোলোর ম্যাচে মিশরের একটি গোল বাতিল হওয়া এবং শেষদিকে পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর আর্জেন্টিনার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মিসর শিবিরের কয়েকজন সদস্য। তবে স্কালোনির মতে, প্রযুক্তিনির্ভর আধুনিক ফুটবলে এমন অভিযোগের বাস্তব ভিত্তি নেই।