বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের কাছে ১-০ গোলে হারের পর শুধু বিদায়ই নয়, নিজেদের আচরণের কারণেও সমালোচনার মুখে পড়েছে প্যারাগুয়ে। বিবিসির বিশ্লেষণে ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট ও সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস প্যারাগুয়ের খেলাকে ‘লজ্জাজনক’ ও ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচজুড়ে ফরাসি খেলোয়াড়দের ওপর একের পর এক শক্ত ট্যাকল, অফ-দ্য-বল ধাক্কা, জার্সি টানা এবং সময় নষ্টের কৌশল নেয় প্যারাগুয়ে। তবুও ম্যাচের পুরো ৯০ মিনিটে তাদের কোনো খেলোয়াড় হলুদ কার্ড দেখেননি।
জো হার্ট বলেন, “প্যারাগুয়ের খেলোয়াড়রা ছিল একেবারে লজ্জাজনক। ওরা যদি আমার দলের খেলোয়াড় হতো, আমি নিজেই মাঠ থেকে টেনে বের করে আনতাম।”
সাবেক ইংলিশ ডিফেন্ডার মিকা রিচার্ডসও একই সুরে বলেন, “এটা দেখতে বিব্রতকর ছিল। প্যারাগুয়ে এত ভালো রক্ষণাত্মক খেলেছে করেছে যে এসব নাটক করার প্রয়োজনই ছিল না।”
বিবিসির বিশ্লেষণে উল্লেখ করা হয়, আন্দ্রেস কুবাসের বিপজ্জনক ট্যাকল, হুয়ান হোসে কাসেরেসের এমবাপ্পেকে লাথি মারা, দায়ো উপামেকানোর পেটে কনুই মারা এবং ম্যাচ শেষে হাতাহাতির ঘটনাও রেফারির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সাবেক জার্মান মিডফিল্ডার টমাস হিটসলস্পার্গ আরও কঠোর ভাষায় বলেন, “প্যারাগুয়ের জন্য আমার কোনো সম্মান নেই। এটা শুধু লজ্জাজনক নয়, তারও চেয়ে খারাপ।”