হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মাঠে নামার আগেই শিরোপা জয়ের হুংকার ভিনিসিয়ুসের

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে আজ মাঠে নামছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের অন্যতম তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তার বিশ্বাস, বর্তমান ব্রাজিল দল বিশ্বসেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট শক্তিশালী এবং এবার ইতিহাস গড়ার সামর্থ্যও রাখে।

ম্যাচপূর্ব এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ব্রাজিল বর্তমানে বিশ্বের সেরা জাতীয় দলগুলোর কাতারেই রয়েছে। তার মতে, দলে প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্বয় রয়েছে এবং গত কয়েক মাসে দল নিজেদের খেলায় উল্লেখযোগ্য উন্নতি করেছে। রিয়াল ফরোয়ার্ডের ভাষায়, “আমরা এখানে ইতিহাস গড়তে এসেছি। বিশ্বকাপে দারুণ একটি টুর্নামেন্ট উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা অতীতের সেই গৌরব নিয়েই পরিচিত। তবে ভিনিসিয়ুস মনে করেন, বিশ্বকাপের মঞ্চে অতীতের অর্জনের কোনো মূল্য নেই। তার ভাষায়, “বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা যেখানে সবাই শূন্য থেকে শুরু করে। অতীতে কে কতবার শিরোপা জিতেছে বা ফাইনাল খেলেছে, সেটি এখন আর গুরুত্বপূর্ণ নয়। মাঠে কী করা যায়, সেটাই আসল বিষয়।”

নিজের বর্তমান ফর্ম ও মানসিক অবস্থান নিয়েও কথা বলেছেন ২৫ বছর বয়সী এই তারকা। তিনি জানান, ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি আরও বলেন, “আমি গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যা নিয়ে ভাবছি না। আমার লক্ষ্য হলো ভালো ফুটবল খেলা এবং দলকে আত্মবিশ্বাস দেওয়া। শেষ পর্যন্ত আমরা কতদূর যেতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,”

প্রতিপক্ষ মরক্কোকেও যথেষ্ট সমীহ করছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আফ্রিকার দলটিকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তিনি। ভিনিসিয়ুস বলেন, “মরক্কো অনেক উন্নতি করেছে। তারা আবারও সবাইকে চমকে দিতে পারে। তাদের দলে ব্রাহিম দিয়াজ আছে, যে আমার ক্লাব সতীর্থ। হাকিমি সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ জিতেছে। এছাড়াও বিশ্বমানের আরও কয়েকজন খেলোয়াড় রয়েছে তাদের দলে। তাই ম্যাচটি অবশ্যই কঠিন হবে।”

আন্তর্জাতিক ফুটবলে এর আগে চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও মরক্কো। সেই লড়াইয়ে তিনবার জয় পেয়েছে ব্রাজিল, একবার জিতেছে মরক্কো। বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় অনুষ্ঠিত হবে।

মেসিকে নিয়ে সতর্কবার্তা দেম্বেলের

এ যেন ব্রাজিলের সঙ্গে ব্রাজিলের লড়াই!

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে চুরি, খোয়া গেছে বুট ও বল

রঙিন প্রত্যাবর্তন চায় হাইতি ও স্কটল্যান্ড

বিশ্বকাপে প্রথমবার ভিএআরে ধরা পড়ল ‘নকল ফাউল’

ফেভারিট সুইসদের দাপট নাকি এশিয়ান চ্যাম্পিয়নদের চমক

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই

উদ্বোধনী ম্যাচেই তিন লাল কার্ড, কড়া বার্তা দিলেন রেফারিরা?