হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনা অপরাজেয় নয়, আত্মবিশ্বাসী সুইস কোচ মুরাত ইয়াকিন

স্পোর্টস রিপোর্টার

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে আসা সুইসদের পরবর্তী লক্ষ্য এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াতে যাওয়া এই মহারণকে কেন্দ্র করে পুরো ফুটবল দুনিয়া এখন উত্তপ্ত।

তবে লিওনেল মেসির আর্জেন্টিনা যখন মিশরের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও নাটকীয় জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে আছে, তখন সুইস শিবিরে ভয়ের চেয়েও সাহসের সুর বেশি। দলের প্রধান কোচ মুরাত ইয়াকিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়নরা অপরাজেয় নয়। সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, 'বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। তবে আর্জেন্টিনা অপরাজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। দক্ষিণ আমেরিকার দলগুলোর খেলার মানসিকতা ও ট্যাকটিকস সম্পর্কে আমরা সম্যক অবগত।'

ইয়াকিনের এই সাহসী মন্তব্য দলের খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। যদিও দলের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ কোচ থেকে কিছুটা ভিন্নমত পোষণ করে আর্জেন্টিনাকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। রদ্রিগেজের মতে, প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা দুর্দান্ত এবং তাদের দলে মেসি ছাড়াও রয়েছেন শক্তিশালী সব ফুটবলার।

এদিকে, ম্যাচের আগে সুইস শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। মিশেল এবিশার ও লুকা ইয়াকেজ আগে থেকেই মাঠের বাইরে। এছাড়া এই বিশ্বকাপে সর্বোচ্চ ৩ গোল করা ইয়োহান মানজাম্বির হাঁটুর চোট নিয়ে কোচ ইয়াকিন বলেন, 'এ ধরনের চোট থেকে অল্প সময়ে সেরে ওঠা কঠিন। আমরা এখনও নিশ্চিত নই সে ফিরতে পারবে কি না। ঝুঁকি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, তবে ফিট থাকলে অবশ্যই তাকে খেলাব।'

আর্জেন্টিনা স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে, কিন্তু ইয়াকিনের কৌশলী নেতৃত্ব এবং সুইসদের লড়াকু মানসিকতা মেসিদের জন্য বড় পরীক্ষার কারণ হতে পারে। কানসাস সিটিতে হতে যাওয়া এই হাইভোল্টেজ লড়াই এখন রূপ নিয়েছে ইতিহাসের এক নতুন অধ্যায়ে।

সেমিফাইনালের আগে মহাচিন্তায় আর্জেন্টিনা-ইংল্যান্ড-ফ্রান্স

বিশ্বকাপ ফাইনালের ৪৯ কোটি টাকার টিকিট প্যাকেজ

শেষ চারে ওঠার লড়াইয়ে এগিয়ে যারা

নতুন রেকর্ড গড়ল ফার্নান্দেজের গোল

সব কিছু জেতার পরও মেসির জয়ের ক্ষুধা মেটেনি: ইব্রাহিমোভিচ

ক্লোসাকে জার্সি উপহার দিবেন মেসি

রেফারিং বিতর্ক, ব্রাজিলের বিদায় ও আর্জেন্টিনার প্রত্যাবর্তনের গল্প

ইংল্যান্ডকে ভয় নয়, চ্যালেঞ্জ দেখছেন ওডেগার্ড

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার

বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ