হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

আমরা সবাই এক সুতায় বাঁধা

স্পোর্টস রিপোর্টার

এবারের বিশ্বকাপে হাইভোল্টেজ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আজ ইংল্যান্ড। শ্বাসরুদ্ধকর এই ম্যাচের আগে নিজেদের দলগত ঐক্য নিয়ে বড় বার্তা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ভক্ত-সমর্থকদের দিলেন অভয়। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পারফরম্যান্স নিয়ে কোচ টমাস টুখেল এবং তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের মধ্যকার আপাত দ্বিমতকে মিডিয়ার তৈরি ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কেইন স্পষ্ট জানিয়েছেন, ইংল্যান্ড দল বর্তমানে সম্পূর্ণ ঐক্যবদ্ধ।
গত শনিবার রাতে মিয়ামির তীব্র গরমের মাঝে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টমাস টুখেলের শিষ্যরা। তবে ম্যাচ জয়ের পরপরই মাঠের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোচ টুখেল কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, ইংল্যান্ড কিছুটা ‘ভাগ্যবান’ ছিল এবং দলের পুরো পারফরম্যান্স নিয়ে তিনি ‘কোনো অর্থেই সন্তুষ্ট নন’। পরবর্তী সময়ে টুখেলের এই মন্তব্যের জবাবে জুড বেলিংহামকে প্রশ্ন করা হলে কিছুটা ক্লান্ত ও বিরক্তিকর সুরে বলেন, ‘হ্যাঁ, ঠিক আছে, যা-ই হোক। ওখানে খেলাটা কঠিন ছিল—বেশ কঠিন একটা শিফট পার করতে হয়েছে।’
বেলিংহামের এই মন্তব্যকে কেন্দ্র করে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোয় ইংল্যান্ড শিবিরের অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদের খবর ছড়িয়ে পড়ে। বিবিসি স্পোর্টসের মুখোমুখি হয়ে অধিনায়ক হ্যারি কেইন এই বিভেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। জুড বেলিংহামের পক্ষে সাফাই গেয়ে কেইন বলেন, ‘খেলা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট পর মাঠের ভেতরে যখন আপনাকে এমন একটি প্রশ্ন করা হয়, আর সে (বেলিংহাম) নিজেও যখন জানত না ঠিক কী বলা হয়েছে, তখন আপনারা তার কাছ থেকে কী আশা করেন? আমরা মাত্রই একটা যুদ্ধ পার করে এসেছি। বড় টুর্নামেন্টগুলোয় ইংল্যান্ড দলকে নিয়ে এরকম কৃত্রিম বিভেদ তৈরি করাটা যেন একটা রেওয়াজে পরিণত হয়েছে।’
কেইন আরো যোগ করেন, ‘পরিস্থিতি আসলে সম্পূর্ণ উল্টো। আমরা আজ যেখানে পৌঁছেছি, তা আমাদের সম্পূর্ণ একতার কারণেই সম্ভব হয়েছে। শুধু খেলোয়াড়রা নয়, কোচ এবং স্টাফসহ আমরা সবাই এক সুতায় বাঁধা। মাঝেমধ্যে সাধারণ বিষয়কে অনেক বড় করে দেখানো হয়।’
সাবেক কোচ স্যার গ্যারেথ সাউথগেটের চেয়ে টমাস টুখেলের কোচিংয়ের ধরন যে আলাদা, তা অকপটে স্বীকার করেছেন কেইন। তবে একে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। টুখেল প্রসঙ্গে কেইন বলেন, ‘টুখেল যা ভাবেন, সরাসরি মুখে বলেন এবং মানুষ এটি পছন্দ করে। তিনি যখন কথা বলেন, তা কখনো পূর্বপরিকল্পিত বা স্ক্রিপ্টেড থাকে না। এটাই তার বৈশিষ্ট্য। যখন কেউ ভেতর থেকে স্বাভাবিকভাবে কথা বলে, তখন তার ওপর বিশ্বাস রাখা সহজ হয়। তিনি বিশ্বের অন্যতম সেরা ম্যানেজার এবং এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। গত দুই বছরে আমরা তাকে খুব কাছ থেকে চিনেছি এবং জানি কীসে তিনি খুশি হন।’
সব বিতর্ক পেছনে ফেলে ইংল্যান্ডের এখন মূল লক্ষ্য আজ রাতে আটলান্টায় অনুষ্ঠেয় সেমিফাইনাল ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। মাঠের বাইরের এই বিতর্ক ভুলে টুখেলের শিষ্যরা ফাইনালে ওঠার লড়াইয়ে কতটা নিজেদের প্রমাণ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

আলবিসেলেস্তেদের দুর্গ ভাঙতে ইংলিশদের চার মাস্টারপ্ল্যান

ইংল্যান্ডের মূল ইঞ্জিন ‘ডেক্লান রাইস’ নিষ্ক্রিয় করার আর্জেন্টাইন ছক

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দামে আগুন

‘হতাশা ভাষায় প্রকাশ করা কঠিন’, বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপ্পে

ফ্রান্সকে বোতলবন্দি করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

আটলান্টায় অগ্নিপরীক্ষা আজ, আর্জেন্টিনা-ইংল্যান্ড বারুদ ম্যাচ!

শেষ নৃত্য আজ কার?

‘বিশ্বকাপ সেমিফাইনালের মতো খেলতে পারিনি’

নিস্তব্ধ ছায়া থেকে সূর্যের আলো

‘এই দল ইতিহাস গড়তে চায়’, ফাইনালে উঠেই আত্মবিশ্বাসী দে লা ফুয়েন্তে